ছাত্রলীগের সম্মেলন হয় জেলায়, কমিটি ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আট বছর পর গত শুক্রবার পঞ্চগড় জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে সম্মেলন শেষ হলেও কেন্দ্রীয় নেতারা কোনো কমিটি ঘোষণা না করেই চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ঢাকায় নয়, জেলাতেই নতুন কমিটি দাবি করে স্থানীয় নেতারা সার্কিট হাউসে সবাইকে আটকে রাখেন। অনেকে নেতাদের গাড়ির সামনে শুয়ে পড়েন। পরে পঞ্চগড়-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।ছাত্রলীগের জেলা সম্মেলন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ-উত্তেজনা এবং আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপের এই ঘটনা নতুন নয়। নির্বাচন কমিশন যখন দলগুলোর সঙ্গে ছাত্রসংগঠনের সম্পর্কের ব্যাখ্যা চাইছে, তখন ছাত্রলীগের প্রতিটি জেলা কমিটির সম্মেলনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মন্ত্রী-সাংসদ এবং জেলা আওয়ামী লীগের নেতারা। ছাত্রলীগের প্রতিটি সম্মেলনেই প্রধান অতিথি থাকছেন মন্ত্রী, উপমন্ত্রী বা স্থানীয় সাংসদেরা।ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের মাধ্যমেই জেলা কমিটি গঠনের কথা। কিন্তু বাস্তবতা হলো, অধিকাংশ জেলায় সম্মেলন শেষ করে নেতারা ঢাকায় এসে কমিটি ঘোষণা দিচ্ছেন। এর পেছনে কেন্দ্রীয় কমিটির সভাপতিসহ কয়েকজন নেতার অর্থ-বাণিজ্য, সাবেক ছাত্রলীগের কয়েকজন নেতা এবং আওয়ামী লীগের নেতাদের পছন্দ-অপছন্দই প্রাধান্য পাচ্ছে বলে ছাত্রলীগের তৃণমূলের নেতাদের অভিযোগ। এমনকি সংগঠনের সাধারন সম্পাদকের মতামত ছাড়াই অনেক কমিটি হয়ে যাচ্ছে। জেলা সম্মেলনের এসব কমিটি নিয়ে ছাত্রলীগে এখন নানা দল ও উপদল তৈরি হচ্ছে। পাল্টাপাল্টি কমিটি গঠনেরও ঘটনা ঘটেছে। সম্মেলন ঘিরে সংঘর্ষে যশোরে ছাত্রলীগের এক নেতা মারাও গেছেন।ছাত্রলীগের সম্মেলনে মূল দলের নেতাদের উপস্থিতির কারণ জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ একটি স্বতন্ত্র সংগঠন। এখানে আওয়ামী লীগের কোনো নেতা ভূমিকা রাখছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেটা চান না। ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাদের যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অতিথি হিসেবে সবাই যাচ্ছেন। তাঁরা কোনো প্রভাব খাটাচ্ছেন না। এই নেতার অভিযোগ, সরকারকে বেকায়দায় ফেলতে ছাত্রলীগকে বেছে নেওয়া হয়েছে। তাই ছাত্রলীগের দোষ খোঁজা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহাদাত হোসেন বলেন, ছাত্রলীগে এখন চরম বিশৃঙ্খলা। কেন্দ্রীয় সভাপতি কারও সঙ্গে পরামর্শ না করে ইচ্ছেমতো সম্মেলন ডাকছেন, ইচ্ছেমতো কমিটি দিচ্ছেন। এর পেছনে বিপুল অর্থ লেনদেন হচ্ছে। বিষয়টি ছাত্রলীগের সবাই জানে। কেউ বলতে সাহস পায় না। এভাবে একটি সংগঠন চলতে পারে না। অভিযোগ আছে, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান সংগঠনের সাবেক সভাপতি লিয়াকত সিকদার এবং তাঁর ঘনিষ্ঠ নেতাদের মাধ্যমে জেলাগুলোতে ইচ্ছেমতো কমিটি করছেন। সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে যেন নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা যায়, সে জন্য তাঁরা নিজেদের ইচ্ছেমতো কমিটি করছেন। এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, সম্মেলন হলেও নানা কারণে অনেক সময়ে জেলায় কমিটি করা যায় না। পরে ঢাকায় এসে কমিটি করতে হয়। কমিটি গঠন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি। জেলায় সম্মেলন, ঢাকায় কমিটি: সাত বছর পর গত ১০ মার্চ হবিগঞ্জ পৌরসভা মাঠে ছাত্রলীগের সম্মেলন হয়। জেলা ছাত্রলীগের ৩৯৯ জন কাউন্সিলর সেখানে নতুন নেতা নির্বাচনের জন্য উপস্থিত ছিলেন। কিন্তু রাত আড়াইটায় সম্মেলন শেষ হলেও কমিটি দেওয়া হয়নি। পরদিন কেন্দ্রীয় সভাপতি ঢাকা থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে মোস্তফা কামালকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা দেন।হবিগঞ্জ জেলা ছাত্রলীগের অধিকাংশ নেতা এই কমিটি মেনে নেননি। ফলে তাঁরা আবার কেন্দ্রে গিয়ে অন্য নেতাদের দ্বারস্থ হন। পরদিন ১২ মার্চ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সুজাতুর রহমান, আবু আব্বাস ও মফিজুল ইসলাম পাল্টা আরেকটি কমিটি দেন। এতে শফিকুজ্জামান সিরাজকে সভাপতি ও আবুল কাসেম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়। হবিগঞ্জের দুই কমিটিই এখন নিজেদের নেতা দাবি করছে। ফলে যেকোনো সময় সংঘর্ষ হতে পারে। ৮ মার্চ রংপুর জেলা ছাত্রলীগের সম্মেলন হয় টাউন হলে। সেখানেও কমিটি হয়নি। পরে সভাপতি বগুড়া থেকে কমিটি ঘোষণা করেন। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ ফেব্রুয়ারি ছাত্রলীগের সম্মেলন হয়। এখনো কমিটিই হয়নি। ৩০ ডিসেম্বর কুমিল্লার মুরাদনগরের বদিউল আলম ডিগ্রি কলেজে ছাত্রলীগের সম্মেলন হয়। কমিটি হয় দুই দিন পর ঢাকা থেকে। স্থানীয় নেতারা এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।ঝিনাইদহে গত ২৭ ডিসেম্বর সম্মেলন ছিল। কিন্তু তিন মাস চলে গেলেও এখনো সেখানে কমিটি হয়নি। এর বদলে মাগুরা থেকে একটি আহ্বায়ক কমিটি করেছেন কেন্দ্রীয় সভাপতি। ২৭ জানুয়ারি সম্মেলন ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে সেদিন সম্মেলন শেষ হলেও কমিটি দেওয়া হয়নি। পরে গভীর রাতে মেয়রের উপস্থিতিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে আহ্বায়ক কমিটি করা হয়।অর্থ লেনদেন: সম্মেলনের তারিখ ঠিক করা থেকে শুরু করে নেতা নির্বাচনের নামে কেন্দ্রীয় সভাপতিসহ শীর্ষ কয়েকজন নেতা বিপুল অর্থের লেনদেন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কেন্দ্রীয় সভাপতি এসব অভিযোগ অস্বীকার করেছেন। ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা কমিটি গঠনের পর সেখানকার চারটি উপজেলা ছাত্রলীগের নেতারা সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অর্থ লেনদেনের মাধ্যমে কমিটি গঠনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন। এ অভিযোগের পর ছাত্রলীগের চার নেতা মাহবুব আলম সরকার, নুরুল আলম, রুহুল আমিন ও মোতালেব চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব বলেন, অর্থ লেনদেনের মাধ্যমে অযোগ্য লোককে ছাত্রলীগের কমিটি করা হয়েছে। এর প্রতিবাদ করায় তাঁদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়। সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ব্যবসায়ী। ছাত্র না হয়েও টাকার বিনিময়ে তিনি নেতা হয়েছেন। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, লালমনিরহাট, ঝিনাইদহ, যশোর, নেত্রকোনা, টাঙ্গাইলসহ অনেক জেলাতেই কমিটি গঠনে অর্থ লেনদেন হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের নেতারা।