ছাত্রলীগের হাতে লাঞ্ছিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলে আজ শুক্রবার দুপুরে দুই সাংবাদিককে লাঞ্ছিত করেছে ছাত্রলীগের কর্মীরা। এ দুই সাংবাদিক হলেন এবিসি রেডিওর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রামিমুল হাসান এবং সাপ্তাহিক ২০০০-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মনিরুল ইসলাম। তাঁরা জসীমউদ্দীন হলের ২০২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। হল সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে ইমরান (ফিন্যান্স), আল-আমীন, ইমরান (ব্যবস্থাপনা) ও বাঁধন নামের চারজন নিজেদের ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে ২০২ নম্বর কক্ষে যান। তাঁরা রামিম ও মনিরকে জানান, তাঁরা এ কক্ষে উঠবেন। রামিম ও মনির এর প্রতিবাদ করলে ছাত্রলীগের চার কর্মী তাঁদের লাঞ্ছিত করেন। হলে ইমরান, আল-আমীন, ইমরান ও বাঁধন ছাত্রলীগের হল কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হকের সমর্থক হিসেবে পরিচিত।তবে জিয়াউল হক এ চারজনকে তাঁর সমর্থক হিসেবে অস্বীকার করে জানান, তাঁদের হল থেকে বহিষ্কার করা হয়েছে।