চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছাত্রলীগের কর্মীরা এক সাংবাদিককে লাঞ্ছিত করেছেন। ওই সাংবাদিকের নাম তাসনীম হাসান। তিনি চট্টগ্রামের স্থানীয় ‘সুপ্রভাত বাংলাদেশ’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। আজ রোববার দুপুরে নগরগামী শাটল ট্রেনে তাঁকে লাঞ্ছিত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের অনুসারীরা।এ নিয়ে গত তিন বছরে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে অন্তত ১০ জন সাংবাদিক বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তাসনীম বিশ্ববিদ্যালয় থেকে নগরে আসার জন্য বেলা আড়াইটার দিকে শাটল ট্রেনে ওঠেন। বগির পেছনের সারির খালি আসনে বসতে গেলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক মেহেদী হাসানসহ কয়েকজন নেতা-কর্মী তাসনীমকে বাধা দেন। বগির পেছনের সারির আসনগুলো বগিভিত্তিক সংগঠনের নেতা-কর্মীদের জন্য বরাদ্দ বলে জানিয়ে ভবিষ্যতে না বসার জন্য শাসিয়ে দেন এবং তাঁকে লাঞ্ছিত করেন। বিশ্ববিদ্যালয়ে কর্মরত অন্য প্রতিনিধিরা তাসনীমকে সেখান থেকে উদ্ধার করেন। এ সময় অন্যান্য দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের নিষিদ্ধ ঘোষিত বগিভিত্তিক সংগঠনগুলো ছাত্রলীগের বিভিন্ন শীর্ষনেতার সমর্থনপুষ্ট।শাটল ট্রেনে সাংবাদিক লাঞ্ছনার বিষয়ে বক্তব্য জানার জন্য মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক ফোন ধরেননি। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের বলেন, শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনগুলো নিষিদ্ধ। বগিভিত্তিক সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।