ছাত্রলীগের হামলা, রুয়েটে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের এক পক্ষ অপর পক্ষের ওপর আবারও হামলা চালিয়েছে। হামলায় দুজন আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে রুয়েটের শহীদুল্লাহ হলের সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ক্যাম্পাসে ছাত্রলীগের উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন রেজা গ্রুপের সমর্থক শাহিন ও রুবেল। তাঁরা রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। রুয়েট ক্যাম্পাস ও মতিহার থানা সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই ছাত্রলীগের নেতা আল-আমিন ও হারুন অর রশিদের যৌথ গ্রুপ এবং রেজাউল ইসলাম রেজা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ২১ এপ্রিল রাতে আল-আমিন ও হারুন অর রশিদের সমর্থকেরা রেজা গ্রুপের সমর্থকদের ওপর হামলা চালিয়ে চারজনকে আহত করে। এ বিষয়টি মীমাংসা করার জন্য গতকাল রাতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ওরফে লিটন উভয় পক্ষের সমর্থকদের রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানালে তাঁরা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত হন। কিন্তু মেয়র কাজে ব্যস্ত থাকায় রেজা গ্রুপের সমর্থকেরা ক্যাম্পাসে ফিরে আসেন। রেজা গ্রুপের সমর্থকেরা রুয়েটের শহীদুল্লাহ হলের সামনে পৌঁছালে আল-আমিন ও হারুন অর রশিদ গ্রুপের ১০ থেকে ১৫ জন সমর্থক রেজা গ্রুপের সমর্থকদের ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে ওই দুজন আহত হয়।এ ব্যাপারে ছাত্রলীগের নেতা রেজাউল ইসলাম রেজা অভিযোগ করে বলেন, যুক্তিসংগত কোনো কারণ ছাড়াই শুধু পেশিশক্তির জোরে আল-আমিন ও হারুন গ্রুপের সমর্থকেরা হামলা চালিয়ে তাঁর পক্ষের দুজন সমর্থককে আহত করেছে।অপরদিকে ছাত্রলীগের অপর পক্ষের নেতা আল-আমিন নিজেদেরকে মূলধারার ছাত্রলীগ হিসেবে দাবি করে বলেন, ‘প্রতিপক্ষ গ্রুপের নেতা-কর্মীরা ছাত্রশিবিরের সঙ্গে নানাভাবে সখ্য গড়ে তুলেছে। তা ছাড়া তারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে মূলধারার ছাত্রলীগের সমর্থকেরা তাদের প্রতিহত করেছে মাত্র।’মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।