ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রফ্রন্টের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রফ্রন্ট। এ সময় ছাত্রফ্রন্টের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।ছাত্রফ্রন্টের বুয়েট শাখার সাধারণ সম্পাদক মামুন মোরশেদ খান প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের টেন্ডারবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় ছাত্রলীগের সঙ্গে গত কয়েক দিন ধরে ছাত্রফ্রন্টের ঝামেলা চলছিল। গতকাল রাতে ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা বিষয়টি নিয়ে কথা বলার জন্য বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক আমিনুল হকের সঙ্গে দেখা করতে যায়। তিনি তাঁদের হল প্রভোস্টের সঙ্গে কথা বলে হলে যাওয়ার পরামর্শ দেন। হল প্রভোস্টের সঙ্গে তারা যোগাযোগ করলে তিনি তাদের আপাতত হলে না থাকার কথা বলে জানান, তাদের রুমগুলো সিলগালা করা হয়েছে। মামুন মোরশেদ খান আরও জানান, এরপর তাঁরা আহসানউল্লাহ হলে খেতে গেলে রানা ও মোকাম্মেলের নেতৃত্বে একদল ছাত্রলীগের কর্মী ছাত্রফ্রন্টের নেতা গৌতম, মামুনসহ পাঁচজনকে মারধর শুরু করে। তখন কয়েকজন দৌড়ে বের হয়ে গেলেও ছাত্রলীগের কর্মীরা গৌতমকে ধরে বেধড়ক পেটাতে থাকে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে বুয়েটে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রণক আহসান গতকাল বলেছিলেন, ছাত্রফ্রন্টের ছেলেরা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েও আজেবাজে কথা বলছিল। তখন ছাত্রলীগের ছেলেরা এর কারণ জানতে চাইলে ছাত্রফ্রন্টের ছেলেরাই প্রথমে ছাত্রলীগের ছেলেদের ওপর চড়াও হয়। তবে রাতের ওই হামলার ঘটনা সম্পর্কে আজ জানতে চাইলে রণক আহসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক আমিনুল হক প্রথমে আলোকে বলেন, ‘আমরা ছাত্রফ্রন্টের অভিযোগ পেয়েছি। ছাত্রফ্রন্ট দাবি করেছে টেন্ডারবাজি, চাঁদাবাজির বিরুদ্ধে প্রচার চালানোয় এ হামলা করেছে ছাত্রলীগ। আর ছাত্রলীগ দাবি করেছে বঙ্গবন্ধুকে নিয়ে বিদ্রূপ করায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ তবে তিনি স্বীকার করেন, যথাসময়ে পদক্ষেপ নিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেত।