ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়নের তিন নেতা-কর্মী আহত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়নের তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে একটি ব্যানারে ‘সাম্প্রদায়িক রাজনীতি আইন করে নিষিদ্ধ করো’ ও ‘যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করো’ এমন দুটি স্লোগান লিখছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। এ সময় পাশেই সমাবেশ করছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সমাবেশ চলাকালেই ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগ। হামলায় ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রুদ্র মোস্তফা ও কর্মী তুষার আহমেদ আহত হন। পরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘সাম্প্রদায়িক রাজনীতি আইন করে নিষিদ্ধ করো’ এই স্ল্লোগানটি লেখায় শিবিরকর্মী অভিযোগ এনে তাঁদের ওপর হামলা করা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ক্যাম্পাসে ধূমপান করায় তাদের শাসানো হয়েছে।’গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছিলেন ছাত্রলীগের কর্মীরা। ওই হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতিসহ পাঁচজন আহত হন।