ছাত্রলীগের হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচারপত্র বিতরণকে কেন্দ্র করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের হামলায় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারজন আহত হয়েছে।আহতরা হলেন ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহেদ ও জ্যেষ্ঠ সহসভাপতি সোহাগ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতা-কর্মীরা শিক্ষার্থীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গেলে ছাত্রদলের কর্মীদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের কর্মীদের মারধর শুরু করেন।এ ব্যাপারে ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, ‘বিএসএফের গুলিতে নিহত ফেলানী হত্যার বিচারের দাবিসংবলিত কিছু লিফলেট সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিলি করা হচ্ছিল। এ সময় ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ছাত্রদলের কর্মীরা দেশকে কটূক্তি করে কুরুচিপূর্ণ কিছু প্রচারপত্র বিতরণ করছিলেন। সাধারণ ছাত্ররা তাঁদের প্রতিরোধ করেছেন।