ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কসহ অন্তত ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার মামলা প্রত্যাহার করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ওই ঘটনা ঘটে।এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ তিন দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। ৩০ জুনের মধ্যে দাবি আদায় না হলে বিশ্ববিদ্যালয় খোলার দিন, ১ জুলাই থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। হামলার পর বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ ছাত্রকে ‘কেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না’ মর্মে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। নোটিশ পাওয়া ছাত্ররা হলেন মামুন অর রশিদ (দর্শন বিভাগ, সূর্য সেন হল), মো. নূর নবী সোহাগ (ব্যাচেলার অব এডুকেশন, সূর্য সেন হল), সাইফুর রহমান সাইফুল (আরবি বিভাগ, সূর্য সেন হল), সোহেল মীর্যা (দর্শন বিভাগ, বঙ্গবন্ধু হল) এবং মুহাম্মদ আনিছুর রহমান শিমুল (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সূর্য সেন হল)। তিন দিনের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। হামলায় আহত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল মতিন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হককে নগরের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওবায়দুল হক নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ছিলেন বলে জানা যায়। তাঁর মাথা ফেটে গেছে। অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।ছাত্রদলের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধুর ক্যানটিনে পাশাপাশি টেবিলে বসেছিলেন ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা ছাত্রদল আহ্বায়ক আবদুল মতিনকে ডেকে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়ার কথা বলেন। না হলে ক্যাম্পাস থেকে চলে যেতে হবে বলে জানিয়ে দেন। এর আগেও ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁকে এ বিষয়ে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। গতকাল এ নিয়ে কথাকাটাকাটি থেকে হঠাৎ শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। একপর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও জিয়াউর রহমান হলের সভাপতি রিফাত হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা চালান। হামলার পর মধুর ক্যানটিন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।তবে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার নেতারা ওই হামলার দায় অস্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বলেন, মধুর ক্যানটিনে মারামারির ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাদের নিজেদের মধ্যে ওই ঘটনা ঘটেছে। ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরাই পদপ্রাপ্তদের ওপর হামলা চালিয়েছে বলে তাঁরা দাবি করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, মামলা প্রত্যাহার নিয়ে দুটি সংগঠনের মধ্যে বেশ কিছুদিন ধরে কথাবার্তা চলছিল। এটা নিয়ে সংঘর্ষ হওয়ার কথা না। এ ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।ছাত্রদলের সংবাদ সম্মেলন: সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রদল। সংবাদ সম্মেলনে ওই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও প্রক্টর কে এম সাইফুল ইসলামের পদত্যাগ, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়।ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আজ মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় বিক্ষোভ, ২৪ জুন মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ ও ২৯ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও সাংবাদিক সমিতির সঙ্গে মতবিনিময়। এর মধ্যে তিন দফা দাবি আদায় না হলে ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছে ছাত্রদল। সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দীনের উপস্থিতিতে সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান কর্মসূচি ঘোষণা করেন। প্রসঙ্গত, এক মাসের গ্রীষ্মকালীন অবকাশ শেষে ১ জুলাই খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়।