ছাত্রলীগের হামলায় ছাত্রমৈত্রীর নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রমৈত্রীর সহসভাপতি রেজানুল ইসলাম চৌধুরী ওরফে সানি গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের হামলায় নিহত হয়েছেন। এ হামলায় ইনস্টিটিউট শাখা ছাত্রমৈত্রীর সভাপতি কাজী মোতালেব জুয়েল ও অপর সহসভাপতি শেফারত আলী ওরফে বুলবুল আহত হয়েছেন। এ ঘটনায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে এবং বিকেল পাঁচটার মধ্যে ছাত্রাবাস ত্যাগ করতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে।বেলা ১২টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সানি ও বুলবুলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচারের পর বিকেল সাড়ে চারটার দিকে সানি মারা যান। বুলবুলকে চিকিত্সার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদিকে সানির মৃত্যুর পর ছাত্রমৈত্রী হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে আবার হামলা চালানো হয়। দুই দফা হামলায় পুলিশের দুজন সদস্যসহ আরও প্রায় ১২ জন আহত হন। পুলিশ ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে। সানি ও বুলবুল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারের এবং জুয়েল শেষ বর্ষের ছাত্র।ছাত্রলীগ দাবি করেছে, মহাজোটে ভাঙন ধরানোর জন্য একটি কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়েছে। এদিকে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেডু সরকার সাংবাদিকদের জানান, সানি হত্যার ঘটনায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি নিজামউদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ সাতজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রমৈত্রীর নেতা জুয়েল, সানি ও বুলবুল বেলা ১২টার দিকে প্রধান ফটক দিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে ঢোকেন। ছাত্রলীগের কর্মীরা রামদা ও রড নিয়ে পরিকল্পিতভাবে প্রশাসন ভবনের কাছে তাঁদের ওপর হামলা চালান এবং উপর্যুপরি কোপান। হামলায় সানির মাথার মগজ বেরিয়ে যায়। বুলবুল মাথায় আঘাত পেয়ে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। জুয়েলও মাথায় আঘাত পান। ছাত্রলীগের কর্মীদের বাধা দিতে গিয়ে সেখানে দায়িত্বরত বোয়ালিয়া থানার পুলিশ কনস্টেবল শহিদুল ইসলাম ও আশরাফ আলী আহত হন। শহিদুলের একটি আঙুল ফেটে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগের কর্মী নবীন, শরীফুল, নাহিদ ও মানিককে আটক করে।ছাত্রমৈত্রীর আহত তিন নেতাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় তিন ঘণ্টা অস্ত্রোপচারের পর বিকেল সাড়ে চারটার দিকে সানি মারা যান। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সার্জারি বিভাগের প্রধান এ বি এম আবদুল হান্নান বলেন, সানির অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁর মাথার মগজ বের হয়ে গিয়েছিল। তাঁর বাবা হাসপাতালে উপস্থিত ছিলেন। চিকিত্সকেরা সানিকে বাঁচানোর জন্য সাধ্যমতো চেষ্টা করেন।আহত বুলবুলকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। সানির বাড়ি রাজশাহী মহানগরের ২৭ নম্বর ওয়ার্ডে।বিকেল পাঁচটার দিকে সানির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্রমৈত্রীর কর্মীরা হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেন। ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর শাখার সভাপতি মতিউর রহমান অভিযোগ করেন, পলিটেকনিকে ছাত্রলীগের কর্মীদের হামলায় তাঁদের এক নেতা নিহত এবং দুজন আহত হয়েছেন। যুবলীগের সাবেক নেতা আসাদের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল যুবক লাঠিসোঁটা নিয়ে হাসপাতালের সামনে তাঁদের ওপর হামলা চালান।প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের সামনে দুই পক্ষের মধ্যে প্রায় আধঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হন। পরে রাজপাড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যুবলীগের সাবেক নেতা আসাদুজ্জামান অভিযোগ সম্পর্কে বলেন, ছাত্রমৈত্রীর নামধারী কিছু ছাত্রদলের ক্যাডার তাঁদের ওপর হামলা চালানোর চেষ্টা করলে স্থানীয় দোকানি ও সাধারণ জনগণ তাদের ধাওয়া করে বের করে দেয়। পরে লাশ দেখে ফিরে আসার সময় হাসপাতালের বহির্বিভাগের সামনে তাদের দেখে তাঁর ছেলেরা ‘ধর’ বললে তারা পালিয়ে যায়। কোনো পাল্টাপাল্টি ধাওয়া হয়নি।সন্ধ্যায় রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।সানি মারা যাওয়ার আগে পলিটেকনিকে তাঁদের ওপর হামলার বিষয়ে পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বাইরে আছেন; খোঁজ নিয়ে জানাবেন। পরে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতিকেও যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেডু সরকার মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, নিহত সানি তাঁদের কর্মী। তাঁর বাবা মনোয়ারুল ইসলাম চৌধুরী মতিহার থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মা শামীমা মনোয়ার মহানগর আওয়ামী লীগের সহসভানেত্রী। পলিটেকনিক শাখায় তাঁদের পূর্ণাঙ্গ কমিটি নেই। কমিটি থাকলে হয়তো সানি তাঁদের কমিটিতে থাকতেন।রাজশাহী সদর আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পাটির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, দীর্ঘদিন ধরে পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র নামধারী সন্ত্রাসীরা অপতত্পরতা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে এ ঘটনা ঘটল। তিনি হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জয়নুল আবেদীন বলেন, জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে অনির্দিষ্টকালের জন্য ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বিকেল পাঁচটার মধ্যে ছাত্রাবাস খালি করে দেওয়া হয়েছে।বোয়ালিয়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি লাশ নিয়ে সানির বাসায় যাচ্ছেন। এ ব্যাপারে পরে হত্যা মামলা হবে।সানি হত্যার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রমৈত্রী নগরে মিছিল করে। নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।রাতে বালিয়াপুরে সানির বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর মা কেবল বিলাপ করছেন। সানির বাবা বলেন, তাঁর ছেলে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁরা (মনোয়ারুল ও শামীমা) আওয়ামী লীগের রাজনীতি করেন, এটাও সানি পছন্দ করতেন না। তিনি বলেন, তাঁর ছেলে বন্ধু বুলবুলকে ফরম পূরণে সহযোগিতা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। তিনি হত্যাকারীদের বিচার দাবি করেন।পারিবারিক সূত্র জানায়, আজ বাদ জুমা টিকাপাড়া গোরস্থানে সানির মরদেহ দাফন করা হবে।রাতে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রমৈত্রীর মহানগর শাখার সভাপতি মতিউর রহমান বলেন, পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে তাঁরা আজ শুক্রবার কর্মসূচি দেবেন। সংবাদ সম্মেলনে নগর শাখার সাধারণ সম্পাদকসহ ২০-২৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।