ছাত্রলীগের হামলায় ছাত্রমৈত্রীর নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আজ বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর সংঘর্ষে রেজানুল ইসলাম চৌধুরী ওরফে সানি নামের একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সানি ইনস্টিটিউটের ছাত্রমৈত্রী শাখার সহসভাপতি। আজ বিকেল পাঁচটার দিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ি রাজশাহী মহানগরের ২৭ নম্বর ওয়ার্ডে।সংঘর্ষের কারণে কর্তৃপক্ষ ইনস্টিটিউটের সব ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রমৈত্রীর পলিটেকনিক শাখার সভাপতি ও কম্পিউটার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী কাজী মোতালেব ওরফে জুয়েল, সহসভাপতি সপ্তম বর্ষের শিক্ষার্থী রেজানুল ইসলাম চৌধুরী ওরফে সানি এবং একই বর্ষের শিক্ষার্থী সহসভাপতি শেফারত আলী ওরফে বুলবুল দুপুর ১২টার দিকে মেইন গেট দিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে ঢোকেন। এ সময় প্রশাসন ভবনের কাছে পূর্ব পরিকল্পিতভাবে রামদা ও লোহার রড নিয়ে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। তাঁরা উপর্যুপরি রামদা দিয়ে কুপিয়ে ছাত্রমৈত্রীর নেতা-কর্মীদের আহত করেন। প্রতিষ্ঠানে দায়িত্বরত পুলিশ তাঁদের বাধা দিতে গেলে ছাত্রলীগের কর্মীরা পুলিশকেও মারধর করেন। এতে নগরের বোয়ালিয়া মডেল থানার পুলিশ সদস্য শহিদুল ইসলাম ও আশরাফ আলী আহত হন। ছাত্রলীগের কর্মীদের হামলায় শহীদুলের একটি আঙুল ভেঙে যায়।পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগের কর্মী নবীন, শরীফুল, নাহিদ ও মানিককে গ্রেপ্তার করেছে।আহত নেতা-কর্মীদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে সহসভাপতি সানির মাথার মগজ বের হয়ে যায়। বুলবুল মাথায় গুরতর আঘাত পান। তিনি অচেতন অবস্থায় পড়েছিলেন। সভাপতি জুয়েলের ডান হাতের একটি আঙুল কেটে পড়ে গেছে। তিনি মাথায়ও আঘাত পেয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সানিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা অস্ত্রোপচারের পর বিকেল পাঁচটার দিকে সানি মারা যান। আর সংজ্ঞাহীন অবস্থায় বুলবুলকে ঢাকায় পাঠানো হয়।রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান বলেন, সানির অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। তাঁর মাথার মগজ বের হয়ে গিয়েছিল। তাঁর বাবা হাসপাতালে উপস্থিত ছিলেন। চেষ্টা করে কিছু করা যায় কি না—তাঁর বাবার এ ধরনের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁরা সাধ্যমতো চেষ্টা করেও সানিকে বাঁচাতে পারেননি।সানি মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ছাত্রমৈত্রীর কর্মীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভের চেষ্টা করেন।ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর শাখার সভাপতি মতিউর রহমান বলেন, ছাত্রমৈত্রীর পলিটেকনিক শাখার সভাপতি জুয়েল, সহসভাপতি সানি ও শেফারত আলী ওরফে বুলবুল ছাত্রলীগের হামলায় আহত হন। আর সানি হাসপাতালে মারা যান।সানি মারা যাওয়ার আগে এ ব্যাপারে কথা বলার জন্য পলিটেকনিক শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বাইরে আছেন বলে আর কথা বলেননি। পরে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। ফোনে ওই শাখার সভাপতিকেও পাওয়া যায়নি।রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেডু সরকার মোবাইলে দাবি করেন, নিহত সানি তাঁদের কর্মী। তাঁর বাবা মনোয়ার হোসেন নগরের মতিহার থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মা শাহীন মনোয়ার রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভানেত্রী। পলিটেকনিক শাখায় তাঁদের পূর্ণাঙ্গ কমিটি নেই। কমিটি থাকলে হয়তো সানি তাঁদের কমিটিতেই থাকতেন।রাজশাহী সদর আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘ছাত্রনামধারী সন্ত্রাসীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দীর্ঘদিন ধরে অপতত্পরতা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটল।’ তিনি দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জয়নুল আবেদীন বলেন, জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে অনির্দিষ্টকালের জন্য ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেল পাঁচটার মধ্যে ছাত্রাবাস খালি করা হয়েছে।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সন্ধ্যায় বলেন, তিনি লাশ নিয়ে নিহত সানির বাসায় যাচ্ছেন। এ ব্যাপারে পরে হত্যা মামলা করা হবে।