বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আজ শনিবার ছাত্রলীগের হামলায় শিবিরের দুই নেতা আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এরশাদুল হক এবং পাঠাগার ও ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম পরীক্ষা দেওয়ার জন্য কৃষি প্রকৌশল অনুষদে যান। এ খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই অনুষদের সামনে জড়ো হন। এ সময় দায়িত্বরত এক কর্মকর্তা বিষয়টি বুঝতে পেরে শিবিরের নেতাদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে বেলা দেড়টার দিকে ছাত্রলীগের পাঠাগার সম্পাদক এস এম আবু রায়হান, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান খোকা, বঙ্গবন্ধু হলের সভাপতি এইচ এম শামীম রহমানসহ ৩০-৩৫ জন নেতা-কর্মী ‘পোল্ট্রি সায়েন্স’ বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী দুই শিবির নেতাকে লাঠি, রড, হকিস্টিক, সাইকেলের চেইন ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে শিবিরের ওই দুই নেতার মাথা ফেটে যায় এবং সংজ্ঞা হারিয়ে তাঁরা মাটিতে পড়ে যান। ঘটনা নিয়ন্ত্রণ করতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সাজ্জাদ হোসেন ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকেও লাঞ্ছিত করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সুলাইমান হোসাইন বলেন, প্রশাসনের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগের ক্যাডাররা ছাত্রশিবিরের দুই নেতার ওপর ন্যক্কারজনক হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন বলেন, সারা দেশে শিবিরের ধ্বংসযজ্ঞের ফলে সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ এটি। এতে ছাত্রলীগের কেউ জড়িত নন।ভারপ্রাপ্ত প্রক্টর সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি উপস্থিত হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ফেরানোর চেষ্টা করি। কিন্তু আমাকে সেখানে ভিড়তে দেওয়া হয়নি। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।’কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, শিবিরের আহত দুই নেতা বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন। তাঁদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।