ছাত্রলীগের হামলায় প্রথম আলোর আলোকচিত্রীসহ ৮ সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ কর্মীদের হামলায় প্রথম আলোর আলোকচিত্রী আজাহার উদ্দিনসহ আটজন সাংবাদিক আহত হয়েছেন। এ ছাড়া সাংবাদিকদের কয়েকটি ক্যামেরাও ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা প্রতিবাদ সমাবেশ করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।আহত অন্য সাংবাদিকেরা হলেন: চ্যানেল আইয়ের প্রতিবেদক মোস্তফা কামাল মল্লিক ও ক্যামেরাম্যান মোহাম্মদ মইন আহমেদ, কালের কণ্ঠ পত্রিকার আলোকচিত্রী নজরুল ইসলাম, জনকণ্ঠ-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শহীদুল ইসলাম, বিডিনিউজের রাজশাহী প্রতিনিধি ইসমাইল হোসেন, দ্য ডেইলি স্টার-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আকন মোহাম্মদ জাহিদ এবং দ্য এডিটর-এর রাজশাহী প্রতিনিধি আতিকুর রহমান।আজাহার উদ্দিনকে গুরুতর অবস্থায় প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্র এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রসহ নগরের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নেন।প্রত্যক্ষদর্শী, ক্যাম্পাস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার ছাত্রশিবিরের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত এবং অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে গতকাল বেলা ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় ছাত্রলীগ। বিক্ষোভ মিছিল শুরুর আগে বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জিল্লুর রহমান (২৮) নামের এক বহিরাগতকে আটক করেন ছাত্রলীগের কর্মীরা। জিল্লুরকে শিবিরের চর হিসেবে অভিযুক্ত করে ছাত্রলীগের কর্মীরা তাঁকে মারধর শুরু করেন। এ সময় আলোকচিত্রী আজাহার উদ্দিন ছবি তুলতে গেলে ছাত্রলীগের কর্মী রকি, জুয়েল, মাসুদ, তুহিন, মনির, নিনাদ, রুবেলসহ ১৫-২০ জন তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। সেখানে উপস্থিত অন্য সাংবাদিকেরা আজাহার উদ্দিনকে রক্ষা করতে এগিয়ে এলে ছাত্রলীগের কর্মীরা তাঁদেরও এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে জখম করেন। এতে আজাহার উদ্দিনসহ আট সাংবাদিক আহত হন। ছাত্রলীগের কর্মীরা ফটো সাংবাদিকদের কয়েকটি ক্যামেরাও ভাঙচুর করেন।সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা দুপুর দুইটার দিকে ক্যাম্পাসের আমতলায় প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং তাঁদের বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে বহিষ্কারের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।এর আগে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামসহ সংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। তাঁরা হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ও ইকবাল মাহমুদ এবং সহসম্পাদক মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।বিভিন্ন সংগঠনের নিন্দা ও প্রতিবাদ: সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক এম শাহ ওয়াজ আলী। এক বিবৃতিতে তিনি এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে দোষীদের শাস্তির দাবি জানান। এ ছাড়া রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাব, রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী সিটি প্রেসক্লাব, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিশ্ববিদ্যালয় শাখা জাসদ ছাত্রলীগ, ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, অনুশীলন নাট্যদল, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটসহ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।