ছাত্রলীগের হামলায় যুবলীগের কর্মীর ডান হাত বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার এলাকায় গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের রামদার কোপে যুবলীগের কর্মী মোহাম্মদ উজ্জ্বলের (২০) ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর জখম হয়েছে তাঁর বাঁ হাতও। সন্ত্রাসীরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের পরিবহনশ্রমিক আবদুল কাইয়ুমের ছেলে উজ্জ্বল বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় কাঁঠালবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য নেফার দরগা গ্রামের হিমেল (২০), বাবু (২২), শিবরাম প্রামাণিকটারি গ্রামের বাঁধন (১৯) ও একই গ্রামের লাভলুসহ (২১) ১১ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। আবদুল কাইয়ুম গতকাল বুধবার সদর থানায় এ মামলা করেন।এজাহার ও এলাকাবাসী সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা কাঁঠালবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে উজ্জ্বলকে তুলে ১০০ গজ দূরে কাঁঠালবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ে নিয়ে যায়। এরপর তাঁর মুখে কাগজ গুঁজে সন্ত্রাসীরা রামদা দিয়ে ডান হাতের কনুইয়ের ওপর কোপ দেয়। এতে উজ্জ্বলের হাতের কনুই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। সন্ত্রাসীরা এ সময় তাঁর বাঁ হাতেও কোপ দেয়। উজ্জ্বল তখন কৌশলে নিজেকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করে চিৎকার করতে করতে দৌড়াতে থাকেন। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে উজ্জ্বলকে উদ্ধার করে। সন্ত্রাসীরা তখন উপস্থিত লোকজনকে হুমকি দিয়ে উজ্জ্বলের কাটা হাতটি নিয়ে চলে যায়।সন্ত্রাসীরা চলে গেলে লোকজন দ্রুত উজ্জ্বলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসক কে কে পাল গতকাল প্রথম আলোকে বলেন, ‘রাতে উজ্জ্বলকে খুবই মুমূর্ষু অবস্থায় পাই। ওই সময় তাঁর ডান হাতের কনুই পর্যন্ত ছিল না। বাঁ হাতটিও প্রায় ফেলে দেওয়ার মতো অবস্থায় ছিল। অধিক রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিই।’উজ্জ্বলের বাবা আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, ‘আমি গ্রামের সাধারণ মানুষ। রাজনীতি বুঝি না। আমার ছেলের ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।’ উজ্জ্বলের ভাই কাঁঠালবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুবলীগের কর্মী জিয়াউর রহমান জানান, ‘সন্ত্রাসীরা ছাত্রলীগের কর্মী। তারাই এ ঘটনা ঘটিয়েছে।’জেলা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। তবে হামলাটি রাজনৈতিক কারণে নয়, পারিবারিক বিরোধের জের ধরে হয়েছে।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহারুল ইসলাম বলেন, ‘এর আগে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি হামলার জের ধরে হাত কেটে দেওয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’