ছাত্রলীগের হামলায় শিক্ষকসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এতে শিক্ষকসহ ২০ জন আহত হয়েছেন। আহত শিক্ষকদের মধ্যে এক শিক্ষকের অবস্থা গুরুতর।এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়, ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয়, টিএসসি, প্রশাসন ভবনসহ প্রক্টরের গাড়ি ও একটি ছাত্রাবাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে ছিনতাই করার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই কর্মী নূর মোহাম্মদ ও আরিফকে আটক করেন নিরাপত্তাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনার জের ধরে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাংশ প্রক্টর আবু হাদী নূর আলী খানের গাড়িতে হামলা চালায়।প্রক্টরের গাড়িতে হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে মাইক্রোবায়োলজি বিভাগের গ্যালারিতে আজ সোমবার দুপুরে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভা শেষে বেলা একটার দিকে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তির দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করার সময় ছাত্রলীগের একাংশের কর্মীরা শিক্ষকদের লক্ষ্য করে কটূক্তিপূর্ণ কথাবার্তা বলতে থাকেন। এতে শিক্ষকদের কয়েকজন ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের কর্মী নূর আলম, হাবিব, রাসেল ও তপুকে ধরে প্রক্টরের অফিসে নিয়ে যান। পরে শিক্ষকদের দাবির মুখে প্রক্টর নূর আলম ছাত্রলীগের হাবিব, রাসেল ও তপুকে পুলিশে সোপর্দ করেন।এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা রামদা, রড ও লাঠিসোঁটা নিয়ে শিক্ষকদের তাড়া করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। ছাত্রলীগের হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন। ইটের আঘাতে বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুবাস চন্দ্র দাস গুরুতরভাবে আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসের টিএসসি, প্রশাসন ভবন ও অনুষদ ভবনে ব্যাপক ভাঙচুর চালান। তাঁরা দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেন এবং প্রক্টরের গাড়ি ও একটি ছাত্রাবাসে ব্যাপক ভাঙচুর চালান।ঘটনার ছবি তুলতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ছিনতাই করে নিয়ে যান ছাত্রলীগের কর্মীরা।উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষক সমিতি জরুরি বৈঠক করে ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা না নেওয়ার তাত্ক্ষণিক ঘোষণা দেয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য শিক্ষকেরা উপাচার্যের বাসভবনে উপাচার্যের সঙ্গে রুদ্ধদার বৈঠক হয়। কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। বৈঠকের একটি সূত্র জানায়, উপাচার্য শিক্ষকদের ক্লাস বন্ধ না করার জন্য অনুরোধ করেছেন। তবে শিক্ষক সমিতি তাঁদের দাবিতে অনড় আছে।ছাত্রলীগের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল করেছেন। পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।