আপত্তিকর পোস্টারিংয়ের অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্রলীগ কর্মীরা ছাত্রশিবিরের ওপর হামলা চালিয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছে। গতকাল বুধবার রাত দুইটায় এ ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ছাত্রলীগের কয়েকজন কর্মী ক্যাম্পাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘জাগ্রত হও বাংলাদেশ’ শিরোনামে আপত্তিকর লেখা-সংবলিত একাধিক পোস্টার দেখতে পায়। এরপর বিষয়টি জানাজানি হলে ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে গিয়ে শিবির কর্মীদের মারধর করে। এতে অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়। এদের মধ্যে পাঁচজনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাতেই ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে শিক্ষকেরা পরিস্থিতি শান্ত করেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুম জানান, শিবির বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে আপত্তিকর পোস্টারিং করেছে। তাত্ক্ষণিকভাবে ছাত্রলীগের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করেছে। ছাত্রশিবিরের সভাপতি ইমরুল কায়েস জানান, কোনো কারণ ছাড়াই ছাত্রলীগের কর্মীরা গভীর রাতে তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। পোস্টারিংয়ের সঙ্গে ছাত্রশিবির জড়িত নয় বলে তিনি দাবি করেন।