ছাত্রলীগের হামলায় সাংবাদিক আহত হওয়ার অভিযোগ
ছাত্রলীগের হামলায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আয়াজ আজাদ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে ছাত্রলীগের কর্মী মেহেদি হাসান ও বহিরাগত কয়েকজন আজাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে ও পরে কুষ্টিয়ার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজাদ আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। আজ সকালে নিজ বিভাগে গেলে ছাত্রলীগ কর্মী মেহেদি হাসান বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র (চাপাতি, রামদা) দিয়ে আজাদের ওপর হামলা চালায়। এ সময় আজাদ আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যান। পরে সহপাঠীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা এ খবর পেয়ে হামলাকারীদের শাস্তির দাবিতে আইন অনুষদের সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে কয়েক দফা দাবিতে উপাচার্যের কাছে তাঁরা একটি স্মারকলিপি দেন। দাবিগুলো হলে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী মেহেদি হাসান, তরিকুল ইসলামকে বহিষ্কার ও বহিরাগতদের শাস্তি, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাংবাদিকেরা যেন কোনো প্রকার প্রতিহিংসার শিকার না হয় তার নিশ্চয়তা এবং সব সাংবাদিককে যথাযথ নিরাপত্তা দান। এর আগে গত বৃহস্পতিবার আজাদের সঙ্গে তাঁর সহপাঠী তরিকুল ইসলামের কথাকাটাকাটি হয়। পরে একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক মেহেদি হাসান সেখানে উপস্থিত হয়ে আজাদকে মারতে যান। অন্য সহপাঠীদের সহযোগিতায় আজাদ সেখান থেকে বেরিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহের আলী বিষয়টি সমঝোতার জন্য আইন অনুষদের ডিন অধ্যাপক শাহজাহান মণ্ডলকে দায়িত্ব দেন। সেদিন বেলা দুইটার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন দুজনকে ডেকে বিষয়টি সমঝোতা করে দেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক মেহেদি হাসানকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বহিষ্কার করে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’