ছাত্রলীগের ১৪ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল হাসান ওরফে সোহেল হত্যার ঘটনায় গত সোমবার রাতে সংগঠনের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ছাত্রলীগের এক নেতাকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল ক্যাম্পাসে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থী, প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মী ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকেরা।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোমান (সাধারণ সম্পাদক আবু হুসাইনের সমর্থক) ফৌজদারি আইনের ১৪৩, ৩০২ ও ৩৪ ধারায় মামলা করেন। এতে ছাত্রলীগের নেতা তৌহিদ আল তুহিনকে প্রধান আসামি করে ১৪ জনের (সভাপতি আহমেদ আলীর সমর্থক) নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি আছে তিন-চারজন।মামলার আসামি সংগঠনের সহসভাপতি ও প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র আশরাফুজ্জামান সোহেলকে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। তদন্তের স্বার্থে মামলার সব আসামির নাম জানাননি তিনি।রোববার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির সময় মাথায় গুলিবিদ্ধ হন বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল হাসান সোহেল (সাধারণ সম্পাদক আবু হুসাইনের সমর্থক)। পরদিন সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দুই নেতা বহিষ্কার: বহিষ্কার হওয়া দুজন হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ও দর্শন বিভাগের স্নাতকোত্তর বর্ষের ছাত্র আখেরুজ্জামান তাকিম এবং সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন। সোমবার রাত ১১টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত দাবি: সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শতাধিক শিক্ষক। পরে প্রশাসন ভবনের সামনে সমাবেশ করেন তাঁরা। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি শামসুল আলম সরকার ও সাধারণ সম্পাদক ফজলুল হক। সোহেল হত্যাকাণ্ডের ঘটনায় তাঁরা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত ও উপাচার্যের পদত্যাগ দাবি করেন। একই ফোরাম আজ বুধবার ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণসহ কর্মবিরতি পালন করবে। শিক্ষার্থীদের মিছিল-মানববন্ধন: সাড়ে ১০টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের সামনে থেকে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের মিছিল বের হয়। পরে তাঁরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন। বেলা ১১টার দিকে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ে গঠিত প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশ করেন।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দাবি: দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী, সাধারণ সম্পাদক আবু হুসাইনসহ নেতা-কর্মীরা। তাঁরা দাবি করেন, পদ্মা সেতুর টাকা তোলার দ্বন্দ্বে সোহেল খুন হয়েছেন মর্মে বিভিন্ন সংবাদপত্রে যে সংবাদ প্রকাশিত হয়েছে—তা সত্য নয়। তাকিম ও তুহিনের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে রোববার রাতে সংঘর্ষ ও গোলাগুলি হয়।তদন্ত শুরু হয়নি: সোহেল হত্যার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের কমিটি গতকাল পর্যন্ত তদন্ত শুরু করেনি। কমিটির আহ্বায়ক গোলাম কবীর বলেন, ‘আজ বুধবার দুপুরে কমিটির অন্য সদস্যদের সঙ্গে বসব। আশা করি নির্ধারিত ১৫ দিনের মধ্যেই প্রতিবেদন জমা দিতে পারব।’দাফন সম্পন্ন, থামছে না কান্না: রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল ভোরে কাউনিয়ার শহীদবাগ ইউনিয়নের সাবদী গ্রামের বাড়িতে সোহেলের মরদেহ পৌঁছায়। দুপুরে গ্রামের মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নানসহ ছাত্রলীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।পরে সোহেলের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের দরজার পাশে কাঁদছে তাঁর দশম ও পঞ্চম শ্রেণীপড়ুয়া দুই বোন। আরেক বোন রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দা তাহসিনা বলেন, ‘ভাইয়ের জন্য রাজশাহীতে আমার পড়তে যাওয়া। সেই ভাই আজ চলে গেল।’ সোহেলের বাবা কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আবদুস সালাম সরকার বলেন, ‘অস্থির ছাত্ররাজনীতির কারণে আমার ছেলে মারা গেল।’