ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষে আহত ৮, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। আজ একাডেমিক কাউন্সিলের সভায় এ কমিটি গঠনসহ চারটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।সভা শেষে কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী জানান, সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হচ্ছে—কলেজ যথারীতি খোলা থাকবে, ক্যাম্পাসে পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েত করা হবে। মেডিসিন বিভাগের অধ্যাপক নাসির আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে এবং আহত ছাত্রদের ব্যয়ভার কলেজ কর্তৃপক্ষ বহন করবে।প্রসঙ্গত, ফরিদপুর মেডিকেল কলেজসংলগ্ন ছাত্রাবাসের কাছে গতকাল রোববার রাত আড়াইটার দিকে ছাত্রলীগের এক গ্রুপ অপর গ্রুপের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কমপক্ষে আটজন ছাত্র আহত হন।আহত ছাত্রদের অভিযোগ, হামলাকারীদের মধ্যে চার-পাঁচজন কলেজের ছাত্র এবং বাকি ৩০-৩৫ জন বহিরাগত। তাঁরা আরও জানান, হামলাকারীরা পরে ছাত্রাবাসের ১০টি কক্ষ ভাঙচুর এবং একটি কক্ষে অগ্নিসংযোগের চেষ্টা করে। ঘটনার সংবাদ শুনে কলেজের অধ্যক্ষ গতকাল রাত সাড়ে তিনটার দিকে ক্যাম্পাসে এলে বিবদমান দুই গ্রুপ গা ঢাকা দেয়। এ সময় সাধারণ ছাত্ররা তাঁর কাছে নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। পরে অধ্যক্ষের নির্দেশে ক্যাম্পাসে পুলিশ মোতায়েত করা হয় এবং পুলিশ প্রতিটি কক্ষে তল্লাশি করে।এ দিকে আহত ছাত্ররা জানিয়েছিল, তাঁদের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাঁরা কলেজে কোনো ক্লাস হতে দেবেন না।এমন পরিস্থিতিতে করণীয় নির্ধারণের জন্য আজ সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়।