ছাত্রলীগের ২২ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২২ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ছয়জনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভা শেষে রাতে উপাচার্য শরীফ এনামুল কবির সাংবাদিকদের এ তথ্য জানান। এ ছাড়া সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনের নাম ‘নাট্যকার জহির রায়হান’ ও বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নতুন একটি ছাত্রীনিবাসের নাম ‘শেখ হাসিনা হল’ করা হয়েছে।জানা যায়, আজ বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নিয়মিত সভা উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সম্পূরক এজেন্ডা হিসেবে গত ৫ জুলাই ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে জড়িতদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ‘ছাত্র-শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী’ মো. আরিফ হোসেন, (প্রত্নতত্ত্ব বিভাগ ৩৮তম ব্যাচ), শুভাশীষ কুন্ডু টনি (প্রত্নতত্ত্ব বিভাগ ৩৭তম ব্যাচ), এ কে এম শাহাদাত্ হোসাইন (প্রত্নতত্ত্ব বিভাগ ৩৫তম ব্যাচ), হাসনাইন নাহিয়ান, (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ৩৭তম ব্যাচ), মো. আলমগীর হোসেন (বাংলা বিভাগ ৩৭তম ব্যাচ) ও উজ্জ্বল চন্দ্র বাগচীকে (প্রত্নতত্ত্ব বিভাগ ৩৭তম ব্যাচ) বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।এ ছাড়া একই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. রাশেদুল ইসলাম (গণিত বিভাগ ৩২তম ব্যাচ) ও সাধারণ সম্পাদক নির্ঝর আলমকে (ইংরেজি বিভাগ ৩৪তম ব্যাচ) দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এক বছরের জন্য পরিতোষ চাকমা, (ফার্মেসি বিভাগ ৩৬তম ব্যাচ), তনয় রায় (পরিবেশবিজ্ঞান বিভাগ ৩৭তম ব্যাচ), এস এম ফাতিকুল বারী (প্রত্নতত্ত্ব বিভাগ ৩৮তম ব্যাচ) ও রবিউল ইসলামকে (গণিত বিভাগ ৩৭তম ব্যাচ) বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে মো. আরিফুল হক (বাংলা বিভাগ ৩৫তম ব্যাচ), বিজয় কুমার দাস (বাংলা বিভাগ ৩৫তম ব্যাচ) ও এনায়েত কবিরকে (বাংলা বিভাগ ৩৫তম ব্যাচ) বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তিন মাসের জন্য শিহাব উদ্দিন আহমেদ, (প্রত্নতত্ত্ব বিভাগ ৩৬তম ব্যাচ), মো. আমিনুল ইসলাম (বাংলা বিভাগ ৩৫তম ব্যাচ), অনিক কুমার সাহা (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ৩৬তম ব্যাচ), মো. রাসেল মিয়া (প্রত্নতত্ত্ব বিভাগ ৩৭তম ব্যাচ) ও মো. মোসাদ্দেক আলীকে (বাংলা বিভাগ ৩৮তম ব্যাচ) বহিষ্কার করা হয়েছে।যাঁদের দুই মাসের জন্য বহিষ্কার করা হয়েছে, তাঁরা হলেন জুনায়েদুল হক (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ৩৬তম ব্যাচ) ও হাসিনুর রহমান মুন্সী (নৃবিজ্ঞান বিভাগ ৩৬তম ব্যাচ)। এ ছাড়া ২৬ জনকে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ছাত্রলীগের সহসভাপতি মো. রকিবুল হাসানের (গণিত বিভাগ ৩২তম ব্যাচ) বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রাখা হয়েছে।গত ৫ জুলাই ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ জন গুরুতর আহত হন। তিনজন গুলিবিদ্ধ হন। হলের ছাদ থেকে পাঁচ-ছয়জনকে ফেলে দেওয়া হয়। পরে ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ১৭ জনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং সহ-উপাচার্য (প্রশাসন) ফরহাদ হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ ১৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে।