ছাত্রলীগের ২২ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ব-বিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২২ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ছয়জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভা শেষে গতকাল বৃহস্পতিবার রাতে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির সাংবাদিকদের এ তথ্য জানান। এ ছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনের নাম ‘নাট্যকার জহির রায়হান মিলনায়তন’ ও বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নতুন একটি ছাত্রী হলের নাম ‘শেখ হাসিনা হল’ রাখা হয়েছে।গতকাল বিকেল পাঁচটায় সিন্ডিকেটের নিয়মিত সভা উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সম্পূরক এজেন্ডা হিসেবে গত ৫ জুলাই ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে জড়িত ছাত্রদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সব নিয়মানুযায়ী এবং তদন্ত কমিটির সুপারিশের ওপর ভিত্তি করে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আর এ বিষয়ে করার কিছু নেই। শাস্তিপ্রাপ্ত ছাত্ররা আদালতের সহযোগিতা নিতে চাইলে তাঁরা নিজ উদ্যোগে নিতে পারেন।’সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ‘ছাত্র-শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী’ আজীবন বহিষ্কার হয়েছেন ছয়জন। তাঁরা হলেন মো. আরিফ হোসেন (প্রত্নতত্ত্ব বিভাগ, ৩৮তম ব্যাচ), শুভাশীষ কুন্ডু (প্রত্নতত্ত্ব বিভাগ, ৩৭তম ব্যাচ), এ কে এম শাহাদাৎ হোসাইন (প্রত্নতত্ত্ব বিভাগ, ৩৫তম ব্যাচ), হাসনাইন নাহিয়ান, (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ৩৭তম ব্যাচ), মো. আলমগীর হোসেন (বাংলা বিভাগ, ৩৭তম ব্যাচ) ও উজ্জ্বল চন্দ্র বাগচী (প্রত্নতত্ত্ব বিভাগ, ৩৭তম ব্যাচ)।এ ছাড়া একই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. রাশেদুল ইসলাম (গণিত বিভাগ, ৩২তম ব্যাচ) ও সাধারণ সম্পাদক নির্ঝর আলমকে (ইংরেজি বিভাগ, ৩৪তম ব্যাচ) দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এক বছরের জন্য পরিতোষ চাকমা, (ফার্মেসি বিভাগ, ৩৬তম ব্যাচ), তনয় রায় (পরিবেশবিজ্ঞান বিভাগ, ৩৭তম ব্যাচ), এস এম ফাতিকুল বারী, (প্রত্নতত্ত্ব বিভাগ, ৩৮তম ব্যাচ) ও রবিউল ইসলামকে (গণিত বিভাগ, ৩৭তম ব্যাচ) বহিষ্কার করা হয়েছে।ছয় মাসের জন্য মো. আরিফুল হক (বাংলা বিভাগ, ৩৫তম ব্যাচ), বিজয় কুমার দাস (বাংলা বিভাগ, ৩৫তম ব্যাচ) ও এনায়েত কবিরকে (বাংলা বিভাগ, ৩৫তম ব্যাচ) বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তিন মাসের জন্য শিহাব উদ্দিন আহমেদ (প্রত্নতত্ত্ব বিভাগ, ৩৬তম ব্যাচ), মো. আমিনুল ইসলাম (বাংলা বিভাগ, ৩৫তম ব্যাচ), অনিক কুমার সাহা (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ৩৬তম ব্যাচ), মো. রাসেল মিয়া (প্রত্নতত্ত্ব বিভাগ, ৩৭তম ব্যাচ), মো. মোসাদ্দেক আলীকে (বাংলা বিভাগ, ৩৮তম ব্যাচ) বহিষ্কার করা হয়েছে।যাঁদের দুই মাসের জন্য বহিষ্কার করা হয়েছে, তাঁরা হলেন জুনায়েদুল হক (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ৩৬তম ব্যাচ) ও হাসিনুর রহমান মুন্সী (নৃবিজ্ঞান বিভাগ, ৩৬তম ব্যাচ)। এ ছাড়া ২৬ জনকে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ছাত্রলীগের সহসভাপতি মো. রকিবুল হাসানের (গণিত বিভাগ, ৩২তম ব্যাচ) বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রাখা হয়েছে।গত ৫ জুলাই ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ৩০ জন গুরুতর আহত হন। গুলিবিদ্ধ হন তিনজন। হলের ছাদ থেকে পাঁচ-ছয়জনকে ফেলে দেওয়া হয়। পরে ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ১৭ জনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ফরহাদ হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ ১৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করে।