ছাত্রলীগের ৩ কর্মীকে হল ত্যাগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলের এক ছাত্রকে মারধরের অভিযোগে ওই হলে অবস্থানরত ছাত্রলীগের তিন কর্মীকে আজ রোববার বিকেল চারটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে হল প্রশাসন। তা ছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে হলের অপর একজন ছাত্রকে কারণ দর্শাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ফারুক, আশিকুর রহমান ও আরিফ নামে ছাত্রলীগের তিন কর্মী জাকারিয়া নামে ওই হলের এক ছাত্রকে চোর সন্দেহে মারধর করেন।প্রহূত হওয়া ছাত্রের অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার এক সভায় হল প্রশাসন ওই তিনজনকে হল ত্যাগ করতে নির্দেশ দেয়। তা ছাড়া ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আল-আমিন নামের অপর এক ছাত্রকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।অভিযোগ রয়েছে, ফারুক, আশিকুর রহমান ও আরিফ আবাসিক ছাত্র না হয়েও দীর্ঘদিন ধরে নাজমুল আহসান হলে অবস্থান করছেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাজমুল আহসান হলের প্রভোস্ট মো. রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে হল কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার রাতে প্রভোস্টের পদত্যাগের দাবিতে নাজমুল আহসান হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।