ছাত্রলীগের ৮২টি জেলা কমিটির নেতারা চাকরি ও ব্যবসায়
খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফারুক হাসানের ছাত্রত্ব শেষ হয়েছে পাঁচ বছর আগে। দুজনেরই বয়স ৩৫-এর ওপরে। সাংগঠনিক সম্পাদকসহ অন্য ৮১টি পদে যাঁরা আছেন, তাঁদেরও একই অবস্থা। অনেকেই বিয়ে করে ঘরসংসার ও ব্যবসা-বাণিজ্য করছেন। তবু তাঁরাই ছাত্রলীগের নেতা। ফারুক হাসান প্রথম আলোকে বলেন, ‘মাস্টার্স শেষ হয়েছে বছর চারেক আগে। এখন আইন বিষয়ে খুলনা ল কলেজে পড়ছি। সাত বছর আগে আমাদের কমিটি গঠিত হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা ও তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকায় নতুন কমিটি গঠন সম্ভব হয়নি। এর মধ্যে অনেকের ছাত্রত্বের মেয়াদ শেষ হয়ে গেছে। আমরাও চাই নতুনেরা এসে নেতৃত্ব দিক।’ রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি জি এম হীরা। বয়স ৪০। সাধারণ সম্পাদক কামরুল হাসানের বয়স ৩৩। দুই নেতাই স্বীকার করেছেন, তাঁদের ছাত্রত্ব নেই। ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সত্যজিত্ সাহা বর্তমানে এক মন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস)। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি কবিরুল ইসলাম শিকদার ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান। দুজনেরই বয়স চল্লিশের কোটায়। কারোরই ছাত্রত্ব নেই। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি জগলু চৌধুরী ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহেমদ। তাঁদের সবার ছাত্রত্বের মেয়াদ শেষ হয়েছে দেড় দশক আগে।ছাত্রলীগের সারা দেশের ৮৭টি জেলা কমিটির মধ্যে ৮২টিরই একই অবস্থা। সম্প্রতি নেত্রকোনা, লালমনিরহাট, নাটোর, জয়পুরহাট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে সারা দেশের জেলা কমিটিগুলোতে এখনো অছাত্র ও বয়স্করাই নেতৃত্বে। ছয়-সাত বছর আগে এই কমিটিগুলোর মেয়াদ শেষ হয়েছে।গঠনতন্ত্র অনুযায়ী সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কমিটি জেলা মর্যাদার। সেখানেও এখন অছাত্ররাই নিয়ন্ত্রক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল ২০০৬ সালের ২৬ জানুয়ারি। অর্থনীতি বিভাগের ২৭তম ব্যাচের ছাত্র সোহেল পারভেজ ওই কমিটির সভাপতি। কমিটির সাধারণ সম্পাদক হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২৯তম ব্যাচের ছাত্র মাহমুদ নাসের। দুজনেরই ছাত্রত্বের মেয়াদ শেষ হয়েছে পাঁচ বছর আগে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি কাজী মাজহার ও সাধারণ সম্পাদক এরশাদ হোসেন। ২০০৪ সালের ১৪ অক্টোবর এক বছরের জন্য ওই কমিটি হয়েছিল। এই দুজনের কেউই আর ছাত্র নন। দুজনেই ব্যবসা করছেন।২০০৩ সালের ৩ মার্চ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি করা হয়েছিল। এতে সারোয়ার মোর্শেদ আকন্দকে সভাপতি ও আতিকুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়। দুই বছরের জন্য কমিটি করা হলেও এখন পর্যন্ত ওই কমিটিই দায়িত্ব পালন করছে। তাঁদের কারোরই ছাত্রত্ব নেই। বয়স ৩৬।শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলী আশরাফুল কবির ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। ২০০৩ সালের ৩ ফেব্রুয়ারি এই কমিটি গঠন হয়। দুজনেরই ছাত্রত্ব শেষ হয়েছে ২০০৬ সালে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি শেখ শাহানুর আলম ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। ২০০৩ সালে দুই বছরের জন্য এই কমিটি হয়েছিল। এই দুজনের মাস্টার্স শেষ হয়েছে ২০০১ সালে। তাঁদের দুজনেরই বয়স ৩৫।ছাত্রলীগের এই বেহাল দশা সম্পর্কে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, নানা কারণে ছাত্রলীগের জেলা কমিটিগুলো করা যায়নি। তবে এখন এগুলো পুনর্গঠন করা হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী যাঁরা ছাত্র এবং যাঁদের বয়স ২৯-এর নিচে, তাঁদেরই কমিটিতে রাখা হবে। বর্তমানে বিভিন্ন কমিটি গঠন নিয়ে অর্থ লেনদেনের যে অভিযোগ আছে, সেটিকে তিনি ভিত্তিহীন বলে মন্তব্য করেন।