ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পর্ক জানতে চেয়ে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির জবাব দিয়েছে জামায়াতে ইসলামী। দলটি দাবি করেছে, ছাত্রশিবির জামায়াতের কোনো অঙ্গসংগঠন নয়। যেকোনো রাজনৈতিক দল যেকোনো ছাত্রসংগঠনের কর্মসূচিতে উপস্থিত থাকতে পারে। এ যোগদান করলেই ছাত্রসংগঠনটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনে পরিণত হয়ে যায় না।আজ বুধবার জামায়াতের আইনবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সরকারের নেতৃত্বে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহ্, সাংসদ হামিদুর রহমান আজাদ ও কেন্দ্রীয় নেতা কামাল উদ্দিন কমিশনের সঙ্গে বৈঠক করেন। এ সময় জামায়াতের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সই করা একটি চিঠি তুলে দেন। এই চিঠির একটি বড় অংশজুড়েই ছিল প্রথম আলোর প্রতি বিষোদগার।জানতে চাইলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা চিঠির জবাব পেয়েছি। এ ধরনের বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে।’ জামায়াতের চিঠির প্রসঙ্গে তিনি বলেন, ‘এত কিছু চিঠিতে লেখা দরকার ছিল না। আমরা প্রতিনিধিদলকে বলেছি, যা জানতে চেয়েছি, সেটুকুই বলতে হতো।’ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জামায়াতের সম্পর্ক কী—এটা জানতে চেয়ে নির্বাচন কমিশন গত ১৮ মার্চ জামায়াতকে চিঠি দেয়। চিঠির জবাবে জামায়াতের বক্তব্য জানাতেই আজ কমিশনে যায় ওই প্রতিনিধিদল। চিঠিতে বলা হয়, প্রথম আলোয় প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে নির্বাচন কমিশন তাদের ওই চিঠি দিয়েছিল। কিন্তু পত্রিকায় প্রকাশিত কোনো সংবাদ বা প্রতিবেদনের ওপর ভিত্তি করে নির্বাচন কমিশন কিছু করতে পারে না।চিঠিতে বলা হয়, ১৬, ২৪ ও ২৭ এপ্রিল প্রথম আলোতে প্রকাশিত সংবাদের ভিত্তিতে কমিশন ১৮ মার্চ জামায়াতকে চিঠি দিয়ে ছাত্রশিবিরের সঙ্গে দলটির সম্পর্ক জানতে চায়। কিন্তু নির্বাচন কমিশনের কাছে জামায়াত ও শিবিরের গঠনতন্ত্র বিবেচ্য হওয়া উচিত ছিল। কিন্তু কমিশন প্রথম আলোর সংবাদ বিবেচ্য ধরেছে, যা মোটেই কাম্য হয়।কমিশনের কাছে চিঠি পৌঁছে দেওয়ার পর জামায়াতের প্রতিনিধিদলের প্রধান জসিম উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। কমিশন আমাদের ব্যাখ্যায় সন্তুষ্ট বলেই মনে করি।’