ছাত্রশিবিরকে বিতাড়িত করতে ‘অসাম্প্র্রদায়িক-গণতান্ত্রিক ছাত্রসংগ্রাম পরিষদ’ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ থেকে জামায়াত-শিবিরকে বিতাড়িত করাসহ বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ‘অসাম্প্র্রদায়িক-গণতান্ত্রিক ছাত্রসংগ্রাম পরিষদ’ নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়ন—এ চারটি প্রগতিশীল ছাত্রসংগঠনের সমন্বয়ে ছাত্রসংগ্রাম পরিষদ গঠন করা হয়। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবিরকে সংগঠনের সমন্বয়ক করা হয়েছে।সংগঠনের নেতা-কর্মীরা আজ সাংবাদিকদের জানান, ‘অসাম্প্র্রদায়িক-গণতান্ত্রিক ছাত্রসংগ্রাম পরিষদ’ নামক সংগঠন আগামী রোববার থেকে প্রতিবাদ সভার মাধ্যমে তাদের বিভিন্ন কার্যক্রম শুরু করবে।অসাম্প্র্রদায়িক-গণতান্ত্রিক ছাত্রসংগ্রাম পরিষদ গঠনের ব্যাপারে ওই সংগঠনের নেতা-কর্মীরা আরও বলেন, ছাত্রশিবিরের কারণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন আজ চরম হুমকির মুখে পড়েছে। জামায়াত-শিবিরের কারণে বাঙালি জাতিতে এখন পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীর ছাপ লেগে আছে—যা বাঙালি জাতির জন্য এক বড় কলঙ্ক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ জাতিকে কলঙ্কমুক্ত করতেই যেকোনো মূল্যে জামায়াত-শিবিরকে প্রতিহত করা উচিত। আর এ ধরনের উপলব্ধি থেকেই ক্যাম্পাসের চারটি প্রগতিশীল ছাত্রসংগঠন এক হয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে আন্দোলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বলেন, ‘আমরা চাই না, স্বাধীনতাবিরোধী শক্তির দ্বারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি বারবার আক্রান্ত ও লাঞ্ছিত হোক। আমরা যে কোনো মূল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সম্মিলিতভাবে ছাত্রশিবিরকে উচ্ছেদ করতে বদ্ধপরিকর।’ পাশাপাশি সারা দেশে জামায়াত-শিবিরের বিরুদ্ধেও তাঁদের বিভিন্ন ধরনের সংগ্রাম চলবে বলে তাঁরা উল্লেখ করেন।রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাসদ ছাত্রলীগের সভাপতি তৈমুর ফারুক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো দিনও ছাত্রশিবিরকে ‘রাজত্ব’ কায়েম করতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রশিবিরকে বিতাড়িত করা হবে।ছাত্রমৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাজহারুল ইসলাম বলেন, ‘ধর্ম থাকবে ব্যক্তি পর্যায়ে, জাতীয় পর্যায়ে নয়। তাই ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে ও মানুষ হত্যা করে তাদের আমরা সম্মিলিতভাবে প্রতিহত করব।’ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রফি আহম্মেদ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীসহ আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে এ ক্যাম্পাস থেকে ছাত্রশিবিরকে উচ্ছেদ করা সম্ভব। আর ছাত্রশিবিরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উচ্ছেদ করাসহ জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন ও তা বাস্তবায়নের জন্যই প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো সম্মত হয়েছে।’বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রশিবিরকে উচ্ছেদ করতে বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনের এক হয়ে আন্দোলন করার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।