ছাত্রশিবিরের তিন নেতা-কর্মী কারাগারে
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ তিন শিবির নেতাকে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন অক্ট্রয় মোড় এলাকার চেতনা ছাত্রাবাসে তারা গোপন বৈঠক করছিল। এ সময় তাদের আটক করে নগরের মতিহার থানা-পুলিশ। আটককৃতরা হলেন—বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম ওরফে ইমন, শিবিরের সদস্য ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র শহিদুল ইসলাম এবং ওই একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রশিবিরের সদস্য মিজানুর রহমান।প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ তিনজন আটক হওয়ার পর পরই তাদের মুক্তির দাবিতে ছাত্রশিবিরের অর্ধশতাধিক নেতা-কর্মী ও ক্যাডার বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর এলাকায় ঝটিকা মিছিল বের করে। এ সময় সাধারণ জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু পুলিশ মিছিলস্থলে পৌঁছার আগেই তারা আত্মগোপন করে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন জানান, আটককৃতরা ছাত্রলীগের কর্মী ফারুক হত্যা মামলার আসামি। ক্যাম্পাসে নাশকতা সৃষ্টির লক্ষ্যে তারা গোপন বৈঠক করছিল। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মতিহার থানায় হত্যা মামলাসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, এ ঘটনার জের ধরে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।