ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক আবদুর রউফকে আজ বুধবার দুপুরে আটক করা হয়েছে। ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন থেকে আটক করা হয়।মতিহার থানা পুলিশ ও ক্যাম্পাস সূত্র জানায়, আবদুর রউফ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি কয়েক দিন ধরে নিয়মিত ক্লাস করছিলেন। আজ সকালে তিনি ক্লাস করতে এলে ছাত্রলীগের কর্মীরা ওই বিভাগের শ্রেণীকক্ষ অবরোধ করে রাখে। পরে বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে মতিহার থানা পুলিশে সোপর্দ করেন।প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।ছাত্রলীগের কর্মী জাকিরুল হক, আব্দুস সালাম, বেলাল হোসেনসহ কয়েকজন অভিযোগ করেন, ফারুক হত্যাকাণ্ডে আবদুর রউফ জড়িত এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ আছে। তাঁরা ওই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম প্রথম আলো অনলাইনকে বলেন, আবদুর রউফকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফারুক হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।