ছাত্রশিবিরের মহানগর সেক্রেটারিসহ ৮ কর্মী গ্রেপ্তার
বরিশালে ছাত্রশিবিরের মহানগর সেক্রেটারি কাজী সাইফুল ইসলামসহ আটজন শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কেন্দ্রীয় জামায়াতের নেতাদের মুক্তি দাবি-সংবলিত প্রচুর পোস্টার, লিফলেট, সিডি এবং তাঁদের ব্যবহূত বেশ কয়েকটি কম্পিউটারও জব্দ করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নগরের অক্সফোর্ড মিশন রোডের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নগরের অক্সফোর্ড মিশন রোডের ছাত্রশিবিরের মেস হিসেবে পরিচিত নীলাচল নামক ভাড়া বাসায় বেলা ১১টায় বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ অভিযান চালায়। সরকারবিরোধী কার্যকলাপ পরিচালনা ও নাশকতা চালাতে পারে এমন অভিযোগে সেখান থেকে মহানগর শিবির সেক্রেটারি কাজী সাইফুল ইসলাম, শিবিরকর্মী মো. আল আমীন, মো. সাইফুল ইসলাম, আবদুর রহমান, রফিকুল ইসলাম, মো. মাহমুদ, মো. রফিকুল হাসান ও মাহমুদকে গ্রেপ্তার করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ হালদার প্রথম আলোকে বলেন, ওই শিবিরকর্মীরা সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল—এমন অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে আট শিবির নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।