ছাত্রশিবিরের ২৪ কেন্দ্রীয় নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির ২৬ সদস্য পদত্যাগ করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ২৫ নেতা তাঁদের পদত্যাগপত্র জমা দেন। আগের দিন রোববার পদত্যাগপত্র জমা দেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।পদত্যাগী সাধারণ সম্পাদক মামুন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রোববার পদত্যাগ করেছেন। বাকিরা পদত্যাগ করেন সোমবার সন্ধ্যায়।জানা গেছে, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে হত্যার ঘটনায় শিবিরের জড়িত থাকার অভিযোগ, বর্তমান সভাপতি রেজাউল করিমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রতি ক্ষোভের কারণে এই ২৬ জন পদত্যাগ করেছেন।শিবিরের একটি সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে শিবিরের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সম্প্রতি সভাপতির স্বেচ্ছাচারিতার কারণে তাঁদের বিরোধ তীব্র হয়ে ওঠে। এ কারণে কেন্দ্রীয় কমিটির এতজন নেতা একসঙ্গে পদত্যাগ করেছেন।জানা গেছে, ২৬ জনের পদত্যাগের বিষয় নিয়ে রাতেই জামায়াতের নেতারা শিবিরের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকে বসেন। এ ব্যাপারে জানতে গতকাল রাতে শিবিরের সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বিষয়টি নিশ্চিত করেন। শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুদ্দিন আহম্মেদ বলেন, কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন—এটা ঠিক। কিন্তু কী কারণে তাঁরা পদত্যাগ করেছেন, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না।