ছাত্রসংগঠনে মূল দলের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সম্পর্কের ব্যাখ্যা চেয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার দলগুলোর সাধারণ সম্পাদক বরাবর এ চিঠি পাঠানো হয়। এতে ছাত্রসংগঠনে মূল দলের নেতাদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।ইসির চিঠিতে ছাত্রসংগঠনের কার্যক্রমে মূল রাজনৈতিক দলের সম্পৃক্ততার ব্যাপারে সংবাদপত্রের প্রতিবেদন ও দলগুলোর শীর্ষ নেতাদের এ-বিষয়ক বক্তব্য তুলে ধরা হয়।চিঠিতে ২০০৯ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ আইনের (আরপিও) উল্লেখ করা হয়। এ আইনে ছাত্র ও শ্রমিক সংগঠনকে মূল দলের অঙ্গ বা সহযোগী না রাখার ব্যাপারে সুস্পষ্ট উল্লেখ রয়েছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশন লিখেছে, দলটির গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতী লীগ ও যুব মহিলা লীগকে দলের সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে, যা তাদের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী চলবে। তবে সংবাদপত্রে প্রকাশিত খবরে দেখা গেছে, আওয়ামী লীগের নেতারা ছাত্রলীগের কার্যক্রমে অংশ নিচ্ছেন, যা দলটির গঠনতন্ত্রের পরিপন্থী।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে লেখা কমিশনের চিঠিতে বলা হয়, ছাত্রদল ও শ্রমিক দলের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী কাজ করার কথা থাকলেও সংবাদপত্র সূত্রে জানা গেছে, বিএনপির বেশ কয়েকজন নেতা এসব সংগঠন পরিচালনা ও কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছেন। চিঠিতে ফেব্রুয়ারি মাসে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া বিএনপির চেয়ারপারসনের বক্তব্যের কথাও উল্লেখ করা হয়, যাতে তিনি ছাত্রদলকে বিএনপির একটি অঙ্গ হিসেবে উল্লেখ করেন।জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে লেখা চিঠিতে নির্বাচন কমিশন বলেছে, সংবাদপত্রের খবর থেকে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জামায়াতে ইসলামীর সরাসরি সম্পর্কের ব্যাপারটি পরিষ্কার। চিঠিতে উল্লেখ করা হয়, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ছাত্রশিবিরের সর্বশেষ কার্যকরী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন এবং তাঁর উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়।এ ছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেলের পরামর্শেই ছাত্রশিবির চলছে বলে সংগঠনটি থেকে সম্প্রতি পদত্যাগ করা কর্মীদের বক্তব্যও চিঠিতে উল্লেখ করা হয়।এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো চিঠিটি দেখিনি। তাই কমিশন কী জানতে চেয়েছে বলতে পারছি না।’ তিনি বলেন, ছাত্রলীগ এখন আর আওয়ামী লীগের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন নয়। এটা আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন। চিঠি দেখে এবং দলীয় ফোরামে আলোচনার পর এ ব্যাপারে উত্তর দেওয়া হবে বলে জানান তিনি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, অঙ্গসংগঠনগুলোর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আলাদা গঠনতন্ত্রের মাধ্যমে সংগঠন পরিচালিত হয়। তিনি বলেন, কমিশনের চিঠি দেখে এ ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেন, ছাত্রশিবিরের সঙ্গে জামায়াতের সম্পর্ক সব সময়ই আদর্শিক ও নৈতিক। জন্মলগ্ন থেকেই ছাত্রশিবির পুরোপুরি স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করে আসছে। আলাদা গঠনতন্ত্রের মাধ্যমে এটি পরিচালিত হয়।চিঠিতে নির্বাচন কমিশনের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন, চিঠিতে কী আছে, তা দেখে এ সম্পর্কে দলের বক্তব্য দেওয়া হবে।