প্রতিবছর ফেব্রুয়ারি মাস এলেই ভাষা আন্দোলন ও একুশের ঘটনা-বলি আমাদের সামনে এসে দাঁড়ায়। স্মৃতি-চারণায়, তাত্ত্বিক বক্তব্যে এবং আরও নানাভাবে একুশকে আমরা স্মরণ করি। চেষ্টা করি নয়া ভাষ্যে, নতুন নতুন ঘটনার আলোকে একুশের চেহারা-চরিত্র চিনে নিতে। এদিক থেকে ব্যক্তিক অভিজ্ঞতা বিশেষ ভূমিকা রাখে, অনেক সাদামাটা নেপথ্য ঘটনা বেরিয়ে আসে, কখনো তা একুশের ইতিহাসে নয়া মাত্রা যোগ করে।গত বছর প্রথম আলোর পাতায় অনেকটা দিনপঞ্জির চরিত্র নিয়ে ২১ দিনে ভাষা আন্দোলনের ইতিহাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এবার আয়োজন অন্য রকম। অর্থাত্ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভাষা-সংগ্রামীদের ব্যক্তিক অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ ঘটনা ছোটখাটো আকারে প্রকাশ করা। এটা নিঃসন্দেহে দূরদর্শী পদক্ষেপ।কোন অভিজ্ঞতা বা ঘটনা নিয়ে লিখব ভাবতে গিয়ে মনে পড়ে গেল ২০ ফেব্রুয়ারির বিকেলে ১৪৪ ধারা জারির ঘোষণা এবং পরবর্তী উত্তেজক পরিবেশের কথা। সে ঘটনা একুশে ফেব্রুয়ারির ঘটনার চেয়ে কম তাত্পর্যপূর্ণ ছিল না। ৪ ফেব্রুয়ারি থেকেই ছাত্র অধ্যুষিত এলাকায় সার্বক্ষণিক উত্তেজনা—‘একুশের কর্মসূচি সফল করতে হব।’ এর মধ্যে হঠাত্ করে মৌচাকে ঢিল পড়ার মতো ঘটনা ছাত্রসমাজকে চমকে দিল। ২০ ফেব্রুয়ারির বিকেল। সচিবালয়ের দিক থেকে সেক্রেটারিয়েট রোড ধরে একটা ঘোড়ার গাড়ি এগিয়ে আসছে মাইকে ঘোষণা দিতে দিতে—‘একুশে ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য ঢাকা শহরে ১৪৪ ধারা জারি। সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ।’ দেখতে দেখতে গাড়িটা সলিমুল্লাহ হলের দিকে অদৃশ্য হয়ে যায়।ব্যারাক অর্থাত্ মেডিকেল হোস্টেল প্রাঙ্গণে দাঁড়িয়ে ওই ঘোষণা শুনি, শোনে ছাত্রবন্ধু অনেকে। কেউ কেউ ছুটে যায় নড়বড়ে হোস্টেল গেটের সামনে। বিশ্বাস হতে চায় না ওই ঘোষণা। আজ বাদে কাল একুশে ফেব্রুয়ারি, এর মধ্যে নিষেধের হুকুমনামা জারি! আজ কেউ হয়তো বিশ্বাস করতে চাইবে না, কিন্তু ছাত্রদের মধ্যে এ ঘোষণার প্রতিক্রিয়া ছিল তাত্ক্ষণিক। শুরু হয়ে যায় ক্ষুব্ধ ছাত্রদের আলোচনা, জটলা—কী করা যাবে তা নিয়ে ভাবনা।হোস্টেলের গেটের ডান দিকে রাস্তার গা-ঘেঁষে দাঁড়ানো ১২ নম্বর ব্যারাক—এখন উল্লেখ করি শহীদ আলীম চৌধুরী ব্যারাক নামে। সেখানে দাঁড়ানো ছাত্রদের জটলা থেকে নওগাঁর মঞ্জুর হোসেনের ভরাট কণ্ঠের ঘোষণা শোনা গেল—‘১৪৪ ধারা মানি না, মানব না।’ আলীম ছোটখাটো একটা বক্তৃতা দিয়ে ফেলল—‘১৪৪ ধারা ভেঙে একুশের কর্মসূচি সফল করতে হবে।’ চিফ সেক্রেটারি আজিজ আহমদের বিরুদ্ধে ভাষিক বিস্ফোরণ। কিন্তু অবাঙালি আজিজ আহমদেরাই নন, বাঙালি আমলা ও পুলিশ কর্মকর্তাদের প্রায় সবাই ছিলেন ওই একই কাতারে। পরদিন একুশে ফেব্রুয়ারি সংঘটিত হত্যাকাণ্ডের নায়ক তো তাঁরা সবাই।ওই জটলায় দাঁড়িয়ে ভাবছি কী করা যায়! বাঁ পাশে দাঁড়ানো ১ নম্বর ব্যারাকের ১ নম্বর কক্ষের বাসিন্দা আলী আজমল বরাবরই ভয়ডরহীন রাজনৈতিক কর্মী। তাঁর সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হলো। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে, ধুলো আর হালকা কুয়াশায় ঝাপসা চারদিক। এর মধ্যে আজমলের প্রস্তাব—‘নবাবপুরে সর্বদলীয় সংগ্রাম পরিষদের বৈঠক বসবে, চলেন দেখে আসি কী হচ্ছে ওখানে।’ দুজনে হোস্টেল ছেড়ে বেরিয়ে আসি। তখন সন্ধ্যারাত। সেকালের দস্তুর ছিল রিকশা বা পায়ে হেঁটে চলার।‘আর্টস বিল্ডিং’ পেরিয়ে রাস্তার মোড়ে এসে হঠাত্ মনে হলো, ভার্সিটি হলের বন্ধুরা কী করছে দেখে আসি। আজমলের কথা—‘সেই ভালো, আমি বরং বৈঠক দেখে আসি।’ ঢাকা হল ও ফজলুল হক হলের বাসিন্দা ছাত্রনেতা আনোয়ারুল হক খান, দেবপ্রিয় বড়ুয়া, মোশাররফ হোসেন, সাইয়িদ আতিকুল্লাহ, কমরুদ্দীন শহুদ, গাজীউল হকদের সঙ্গে দেখা, আলোচনা। ওদেরও ওই এক কথা—‘যেকোনো মূল্যে ১৪৪ ধারা ভাঙতে হবে, অ্যাসেম্বলি ঘেরাও করতে হবে।’ ওখানেও চোখে পড়েছে উত্তেজিত ছাত্রদের ছোট ছোট জটলা। বুঝতে কষ্ট হয়নি যে একুশের কর্মসূচি ঠিকই পালিত হবে, সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত যেমনই হোক।সত্যি, সেই রাতটা ছিল অভাবিত উত্তেজনায় টানটান। ছাত্র-এলাকায় ওই উত্তেজনার উত্তাপ সেদিন ঠান্ডা আবহাওয়া হটিয়ে দিয়েছিল। সে বছর ফেব্রুয়ারিতে ছিল যথেষ্ট শীত। সেই রাতে ঢাকা হল থেকে ঘরে ফিরে দেখি আত্মগোপনকারী নেতা শহীদুল্লা কায়সারকে অস্থির পায়চারি করতে। তিনি এসেছিলেন ১৪৪ ধারা সম্পর্কে ছাত্রদের মনোভাব যাচাই করতে। কারণ তাঁদের পার্টি ১৪৪ ধারা অমান্য করা সম্পর্কে সিদ্ধান্ত নিতে দ্বিধা-সংশয়ে ভুগছিল। এ কারণে তখনকার সরকারবিরোধী রাজনৈতিক দল ও তাদের ছাত্রসংগঠন এবং কিছুসংখ্যক ছাত্রনেতা ১৪৪ ধারা অমান্য করে আন্দোলন শুরু করার পক্ষপাতি ছিলেন না।কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে যে কারণেই হোক, মনোভাব দেখা দিয়েছিল ১৪৪ ধারা ভাঙার পক্ষে। অ্যাসেম্বলি অবরোধের পক্ষে অনমনীয় জেদ। ছাত্রসাধারণের এই মনোভাবই শহীদুল্লা কায়সারকে জানিয়ে দিই; সেই সঙ্গে ঢাকা হল ও ফজলুল হক হলের ছাত্রদের অনুরূপ অনমনীয় মনোভাবের কথাও। তবু তাঁদের দ্বিধা কাটেনি। আর সর্বদলীয় সংগ্রাম পরিষদ একইভাবে একুশের কর্মসূচি বাতিল করে সরকারের সঙ্গে সংঘাতে না যাওয়ার আপসবাদী সিদ্ধান্ত নেয় ১১/৩ ভোটে।কিন্তু যুবলীগ, বিশ্ববিদ্যালয় সংগ্রাম কমিটি ও মেডিকেল কলেজের ছাত্র-প্রতিনিধিদের তিন ভোটে পরাজয় সত্ত্বেও আন্দোলনের সিদ্ধান্তে তাঁরা অনড় ছিলেন। আর সে জন্যই সম্ভব হয়েছিল পরদিন অর্থাত্ ২১ ফেব্রুয়ারি সকালে আর্টস বিল্ডিং প্রাঙ্গণে আমতলায় ছাত্রসভা শেষে ১৪৪ ধারা অমান্য করে ছাত্রছাত্রীদের পথে নেমে আসা। সম্ভব হয়েছিল একুশে ফেব্রুয়ারির রক্তঝরানো ঘটনার মধ্য দিয়ে ছাত্র-আন্দোলনকে গণ-আন্দোলনে পরিণত করা।এমনি আরও কিছু ঘটনার মধ্য দিয়ে ২০ ফেব্রুয়ারির রাতটি একুশের সফল আন্দোলনের পূর্ব পটভূমি হিসেবে আমার স্মৃতিতে এখনো অনন্য হয়ে আছে। আহমদ রফিক: প্রাবন্ধিক, ভাষাসৈনিক।