ছাত্রাবাস তালাবদ্ধ করে ছাত্রদের পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিছিলে না যাওয়ায় ছাত্রাবাসের প্রধান ফটকে তালা লাগিয়ে সাধারণ ছাত্রদের অবরুদ্ধ করে পিটুনি দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাজশাহী সরকারি কলেজের মুসলিম ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের কর্মী আইয়ুব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বেলা পৌনে একটার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রকি ঘোষ ও সাধারণ সম্পাদক ববিনের নেতৃত্বে ১০-১৫ জন নেতা-কর্মী চেলাকাঠ নিয়ে ছাত্রাবাসে প্রবেশ করেন। এ সময় ছাত্রাবাসের প্রধান ফটক বাইরে থেকে তালা লাগিয়ে তিনজন কর্মী পাহারায় নিয়োজিত থাকেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রাবাসের প্রতিটি ভবনে প্রবেশ করে যেসব ছাত্র মিছিলে যোগ দেননি, তাঁদের খুঁজে বের করে পেটাতে থাকেন। বহিরাগত নেতা-কর্মীরা একে একে ছাত্রাবাসের সাতটি ভবনের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মিছিলে না যাওয়া শিক্ষার্থীদের পেটান। দুজন অতিথিও তাঁদের পিটুনির শিকার হন।একটার দিকে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের কর্মী ও ওই ছাত্রাবাসের ছাত্র আইয়ুব আলী ছাত্রাবাসে প্রবেশ করতে গেলে বাইরে পাহারারত কর্মীরা তাঁকে বাধা দেন। আইয়ুবের অনেক অনুরোধের পর তালা খুলে দিয়ে এক কর্মী বলেন, ‘যা মার খেয়ে আয়গা।’ আরেকজন কর্মী আইয়ুবকে ধরে নেতাদের কাছে নিয়ে যান। সেখানে সভাপতি রকি ঘোষ তাঁকে বলেন, ‘হোস্টেলে থাকিস তো মিছিলে যাস নাই কেন? তুই আমাকে চিনিস না?’এ সময় আইয়ুব নিজেকে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের কর্মী পরিচয় দেন। প্রথম আলোকে বিএনপির পত্রিকা বলে সঙ্গে সঙ্গে তাঁরা সবাই মিলে আইয়ুবকে পেটাতে থাকেন।খবর পেয়ে এই প্রতিবেদক রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এম ওবায়দুল্লাহ এবং ওই কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমানকে ফোন করে বিষয়টি জানান।বেলা সোয়া একটার দিকে পুলিশ গিয়ে ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ভবনের একটি কক্ষ থেকে আইয়ুবকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে কলেজের উপাধ্যক্ষ ঘটনাস্থলে এলে আহত শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা উপাধ্যক্ষের কাছে তাঁদের নিরাপত্তার দাবি জানান।মুঠোফোনে যোগাযোগ করা হলে হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রকি ঘোষ দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। সংগঠনের জুনিয়র ছেলেরা এ ঘটনা ঘটিয়েছে। তাঁদের হয়ে এ ঘটনার জন্য তিনি ক্ষমা চান।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপাধ্যক্ষ হবিবুর রহমান বলেন, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সভাপতি শফিকুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ‘ঘটনার পর আমরা বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব নিয়েছে।’