ছাত্রাবাসে অগ্নিসংযোগকারীরা ছাত্র নামের কলঙ্ক
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘যারা এমসি কলেজের ছাত্রাবাস পুড়িয়েছে, তারা ছাত্র হতে পারে না; তারা ছাত্র নামের কলঙ্ক। অগ্নিসংযোগকারীরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদের রেহাই নেই। ছাত্রছাত্রীদের উচিত ওই সব ছাত্র নামধারীদের ঘৃণা করা।’ আজ বুধবার সকালে মন্ত্রী সিলেটের বিয়ানীবাজার উপজেলা মিলনায়তনে শিক্ষামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।নুরুল ইসলাম বলেন, সন্ত্রাস-অগ্নিসংযোগ নয়, ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলাদেশ গড়ায় অংশ নিতে হবে। তাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ । মন্ত্রী শিক্ষকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন ‘শিক্ষকতা পেশার চেয়ে সম্মানের আর কোনো পেশা নেই। আপনারা শিক্ষাঙ্গনকে আনন্দদায়ক করে গড়ে তুলুন, যাতে ছাত্রছাত্রীরা আনন্দের সঙ্গে শিক্ষা লাভ করে; তারা যেন শিক্ষক ও শিক্ষাঙ্গনকে ভয় না পায়।’