এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থসহ ছাত্রলীগের ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা করেছেন ছাত্রাবাসের ক্ষতিগ্রস্ত এক শিক্ষার্থী।গতকাল বুধবার ছাত্রাবাসের প্রথম ব্লকের ১০৬ নম্বর কক্ষের বাসিন্দা মো. জহিরুল ইসলাম সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন। এমসি কলেজের গণিত তৃতীয় বর্ষে অধ্যয়নরত জহিরুলের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ গ্রামে।মামলাটি গতকালই আদালত আমলে নেন এবং শাহপরান থানাকে ঘটনার তদন্ত করে সত্যতা পেলে এফআইআরভুক্ত করার নির্দেশ দেন।একই ঘটনায় ১৫ জুলাই ইংরেজি বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বাদী হয়ে আরেকটি মামলা করেছিলেন। ওই মামলায় ছাত্রলীগের জেলা সভাপতিসহ ৪১ জনকে আসামি করা হয়েছিল।নতুন এ মামলার এজাহারে বলা হয়, জেলা ছাত্রলীগের সভাপতির নির্দেশে আসামিরা ছাত্রাবাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁদের সঙ্গে বহিরাগতরাও ছিল। ছাত্রাবাসে আগুন দিয়ে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা সশস্ত্র অবস্থায় ছাত্রাবাসের প্রধান ফটকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার জানান, প্রথম মামলাটি আদালত থেকে থানায় এসেছে এবং পুলিশ তদন্ত করছে। দ্বিতীয় মামলাটি থানায় এখনো পৌঁছায়নি। আদালতের নির্দেশনা পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।গত ৮ জুলাই এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর ছাত্রাবাস পোড়ানোর ঘটনা ঘটে।