ছাত্রী আহত হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ
সড়ক দুর্ঘটনায় ছাত্রী আহত হওয়ার জের ধরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বানিয়াজুরি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাথী আকতার মাইক্রোবাসের ধাক্কায় আহত হলে শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়কের ওই এলাকা অবরোধ করে। বেলা দুইটার দিকে তারা অবরোধ তুলে নেয়। এখন মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়েছে।অবরোধকারীরা জানায়, বানিয়াজুরি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সাথী আহত হয়। তারা ওই স্থানে গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে।ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) লুত্ফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল আটটার দিকে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝরা এলাকায় জিকে গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিক রোখসানা আকতার (১৮) ট্রাকের চাপায় নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। এ সময় ওই কারখানার শ্রমিকেরা ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের জন্য পুলিশের কাছে দাবি জানিয়ে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করেন। পুলিশ লাশ দিয়ে দিলে পৌনে নয়টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।