ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে তরুণের কারাদণ্ড
সপ্তম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রাজধানীর মগবাজারে মো. সজীব (২০) নামে এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ছাত্রীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সোমবার রমনা থানা পুলিশ সজীবকে আটক করে। পরে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবুল মিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই রায় ঘোষণা করেন। ওই তরুণকে কারাগারে পাঠানো হয়েছে।তবে দণ্ডিত সজীব ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার বিষয়টি অস্বীকার করে বলেছেন, ‘তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল।’ সজীবের বাবা আবু সাঈদের অভিযোগ, শুধু মেয়ের বাবার কথা শুনে আদালত এই রায় দিয়েছেন। এটা তাঁর ছেলের ভবিষ্যতের জন্য চরম ক্ষতির কারণ হবে।ভ্রাম্যমাণ আদালতের প্রধান ম্যাজিস্ট্রেট বাবুল মিয়া জানান, ‘সজীব মেয়েটিকে উত্ত্যক্ত করত, অশ্লীল অঙ্গভঙ্গি করত, বিয়ের প্রস্তাবও দিয়েছিল। এসব কারণে আদালত দণ্ডবিধির ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে সজীবকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।’রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান জানান, ‘মগবাজারের গাবতলায় মেয়েটির বাসার পাশেই ছিল সজীবদের বাসা ও দোকান। পড়ালেখা বন্ধ করে বাবার সঙ্গে মুদি দোকান করত সজীব। মেয়েটিকে স্কুলে যাতায়াতের সময় বিরক্ত করত সে। বাসার সামনে দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করত, নাবালিকা ওই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, শেষ পর্যন্ত মেয়েটিকে তুলে আনারও চেষ্টা করেছিল সে।’ওই ছাত্রীকে তাঁর সঙ্গে বিয়ে না দিলে তার ছোটভাইয়ের ক্ষতি করারও হুমকি দেন সজীব। উপায় না দেখে ছাত্রীর বাবা দুই মাস আগে ওই এলাকা ছেড়ে পাশের নয়াটোলায় (গ্রিনওয়ে) বাসা ভাড়া নেন। তবুও পিছু ছাড়েননি সজীব। শেষে গতকাল রোববার ছাত্রীটির বাবা রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করলে আজ বেলা তিনটার দিকে পুলিশ সজীবকে বাসা থেকে আটক করে নিয়ে আসে। এরপর আদালত তাঁর বিচার করেন।এর আগে ১৩ নভেম্বর ছাত্রী উত্ত্যক্ত করার দায়ে রাজধানীর জুরাইনের আলোর মেলা আইডিয়াল স্কুলের শিক্ষক নজরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।