ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে তিন ছাত্রলীগ কর্মী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীদের উত্ত্যক্ত, জ্যেষ্ঠ নেতাদের নিয়ে অশালীন মন্তব্য এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। একই অভিযোগে আরও তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. তানজিম হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উচ্ছৃঙ্খল ছয় নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব আমরা।’বহিষ্কার হওয়া ছাত্রলীগের কর্মীরা হলেন—মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের জোবায়ের, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুর্জয় এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের মেহেরাজ। তাঁরা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে জোবায়েরকে সংগঠন থেকে আজীবন, দুর্জয়কে এক বছর ও মেহেরাজকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের আরিফ ও ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের আদিব ও শুভকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ছাত্রলীগ মশাল মিছিল বের করে। এ সময় ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী মিছিলে অংশগ্রহণকারী কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ সময় কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে নিয়ে অশালীন মন্তব্য করেন তাঁরা। এর জের ধরে ওই রাতেই শাহজালাল হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় উত্তেজিত ছাত্রলীগের কর্মীরা হলের দ্বিতীয় তলার কয়েকটি কক্ষে ভাঙচুর চালান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের এক যৌথ বৈঠকের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।