ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় চার শিক্ষার্থীকে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনায় দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার ও অপর দুজনকে জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার প্রথম আলোয় ‘৫ মাসে ২০ ছাত্রী উত্ত্যক্ত, প্রতিবাদ করলে মারধর!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ১৫ মে সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানানো হলেও আজ এটি চূড়ান্তভাবে প্রকাশ করা হয়। উত্ত্যক্ত করার অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আ ফ ম কামাল উদ্দিন হলের নুরনবী নবীন ও মিরাজুল ইসলামকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া মওলানা ভাসানী হলের জাহাঙ্গীর আলম অর্ণব ও ফেরদৌস আহমেদকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ এক বছরের স্থগিত বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম আলোর প্রতিবেদনে বর্ণিত বিষয়ে কর্তৃপক্ষ সজাগ রয়েছে। এ ধরনের ঘটনায় অপরাধীদের কঠিন শাস্তি প্রদানে কর্তৃপক্ষ আন্তরিক ও দৃঢ়প্রতিজ্ঞ। সংবাদে বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট কেউ অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মান্নান চৌধুরীকে। এ কমিটি আজই অভিযোগকারী এক ছাত্রী ও অভিযুক্ত ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্ত কমিটির সদস্যসচিব কবিরুল বাসার বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আশা করি, নির্দিষ্ট সময়ের আগেই আমরা প্রতিবেদন জমা দিতে পারব।’ এদিকে প্রশাসনের গৃহীত এ পদক্ষেপে ভুক্তভোগী ছাত্রীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। শুধু ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনায় নয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সুন্দর রাখতে এবং শিক্ষার পরিবেশ নির্বিঘ্ন করতে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তাঁরা। সিন্ডিকেট সচিব রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেশ কিছুদিন দেশের বাইরে থাকায় এবং কিছু প্রশাসনিক কাজ বাকি থাকায় সেগুলো সম্পন্ন করে বহিষ্কারের বিষয়টি আজ জানানো হয়েছে।