ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ছাত্র ছুরিকাহত
ছাত্রী উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। হামলাকারীরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। আজ শনিবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের আইটি ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে।হামলায় আহত ছাত্রদের নাম হলেন শান্তনু বড়ুয়া ও আহমেদ আফিফ। তাঁরা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে ফলিত পদার্থবিদ্যার ছাত্র নোমান ও উদ্ভিদবিদ্যার পাভেল এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। শান্তনু ও আফিফ এই ঘটনার প্রতিবাদ করেন। এ ঘটনার জের ধরে আজ উত্ত্যক্তকারীরা তাঁদের মারধর ও ছুরিকাঘাত করেন।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন ছাত্রের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদের সবার লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। পরে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।