ছাত্রী-উত্ত্যক্তের প্রতিবাদ করায় পেটানো হলো শিক্ষককে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাসকে একদল যুবক লাঠি দিয়ে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করায় বখাটেদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন তিনি। এর জের ধরে ছয়-সাতজন যুবক ওই শিক্ষককে মারধর করে। সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা আজ সোমবার ক্লাস বর্জন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, ‘আগামীকাল মঙ্গলবারের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে আমরা আর বিদ্যালয়ে ফিরে যাব না। একই সঙ্গে বিদ্যালয়ে পাঠদানসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে।’ পুলিশ ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, স্থানীয় পালবাড়ি, খয়েরতলা, কৃষি খামার ও ঘোষপাড়া এলাকার বখাটেরা ছাত্রীদের উত্ত্যক্ত করতে বিদ্যালয়ের আশপাশে ঘোরাঘুরি করে। এতে বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়। স্কুলের প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার কোতোয়ালি থানার ভ্রাম্যমাণ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেহেদী ও টিপু নামের দুই যুবককে আটক করে। তাদের স্কুলের ভেতরে নিয়ে সাময়িক শাস্তি দিয়ে ছেড়ে দেয় পুলিশ। ওই দিন বিকেলে বিদ্যালয়ের কাজ শেষে প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাস বাসায় ফেরার পথে লিডেন গ্রামার স্কুলের সামনে পৌঁছালে রাশেদ, মেহেদী, টিপুসহ ছয়-সাতজন তাঁর গতিরোধ করে এবং লাঠিসোঁটা দিয়ে মারধর করে। এ ঘটনায় নারায়ণ চন্দ্র বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে সেটি মারধরের নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সন্ত্রাসীরা গ্রেপ্তার না হলে আমাদের পক্ষে স্কুলে যাওয়া সম্ভব হবে না। এ জন্য আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার সময় বেঁধে দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, মাস তিনেক আগে ওই সন্ত্রাসীরা বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে জিয়াউর রহমান নামের এক শিক্ষককে মারধর করেছিল। ওই ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে ওঠে। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারের অভিযান চলছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ও কারিগরি কোর্সে সাত শতাধিক ছেলেমেয়ে ওই স্কুলে লেখাপড়া করছে। তাদের মধ্যে অর্ধেক ছাত্রী।