ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী উত্ত্যক্ত করায় তিন বখাটেকে পিটিয়েছেন সাধারণ ছাত্ররা। আজ রোববার রাত ১০টার দিকে টিএসসিতে এ ঘটনা ঘটে। ওই তিনজনই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান,রাত আটটার দিকে টিএসসি এলাকায় রোকেয়া হলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও জসীমউদ্দীন হলের ছাত্রলীগের কর্মী রোবায়েত। সঙ্গে ছিলেন সোহেল। এ সময় টিএসসিতে থাকা সাধারণ ছাত্ররা তাঁদের বকাঝকা করেন ও আটকে রেখে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে খবর দেন। কিন্তু জসীমউদ্দীন হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী এনায়েত এসে তাদের নিজের কর্মী বলে নিয়ে যান। এ ঘটনার পর রাত ১০টার দিকে রোবায়েত জসীমউদ্দীন হলের ছাত্রলীগের কর্মীদের নিয়ে পুনরায় টিএসসিতে আসেন। এ সময় বখাটেদের উত্ত্যক্ত করার প্রতিবাদকারীদের ওপর হামলার চেষ্টা করেন। কিন্তু টিএসসিতে থাকা সাধারণ ছাত্ররা একজোট হয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় তাঁরা লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাহিদুল ইসলাম, রোবায়েত ও রুমী নামে তিন বখাটেকে মারধর করেন। ওই তিনজনই এনায়েতের কর্মী। এ বিষয়ে জানতে চাইলে কাজী এনায়েত বলেন, ‘এটি ঠিক, তাঁরা আমার কর্মী। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুলিশে ধরিয়ে দেওয়া হবে।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বখাটেদের শনাক্ত করে সর্বোচ্চ একাডেমিক শাস্তি দেওয়া হবে।