ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা, হোসনে আরার জামিন
ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম। আজ মঙ্গলবার সকালে তিনি ঢাকার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. আরিফুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত ১০ হাজার টাকার মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় তাঁর জামিন মঞ্জুর করেন।গতকাল একই আদালত সাবেক এই অধ্যক্ষ ও বসুন্ধরা শাখার সাবেক প্রধান লুত্ফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই অভিযোগে গ্রেপ্তার শিক্ষক পরিমল জয়ধরসহ এই তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(১) ও ৩০ ধারায় অভিযোগ আমলে নেন আদালত।উল্লেখ্য, গত বছরের ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাশে একতলা ভবনের একটি কক্ষে ওই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে পাশবিক নির্যাতন করা হয়। ঘটনার ১৮ দিন পর ৫ জুলাই ছাত্রীর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় শিক্ষক পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা এবং বসুন্ধরা শাখার প্রধান লুত্ফুর রহমানকে আসামি করা হয়। গত বছরের ৭ জুলাই কেরানীগঞ্জের একটি বাসা থেকে পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে ।এ ঘটনায় প্রথমে বাড্ডা থানার পরিদর্শক এস এম শাহাদত হোসেন ঘটনা তদন্ত করে গত বছরের ১৪ আগস্ট শিক্ষক পরিমলকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি আবেদন করলে আদালত ডিবি পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। ডিবি পুলিশও পরিমলের নামেই সম্পূরক অভিযোগপত্র দিলে বাদীপক্ষ ফের নারাজি আবেদন করেন।