ছাত্রী ধর্ষণের শিকার, দুই শিক্ষক আটক
কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ার হোসেন মনিরের (৩২) বিরুদ্ধে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা জানাজানি হওয়ার পর ওই শিক্ষক পালিয়ে গেছেন। তবে তাঁকে সহায়তার অভিযোগে স্কুলের দুই সহকারী শিক্ষক আবু জাফর (৩৭) ও আলমগীর হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।ধর্ষণ ও প্রতারণার অভিযোগে আজ শুক্রবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষক মনোয়ারকে প্রধান আসামি করে একটি মামলা করেছেন।জানা গেছে, শিক্ষক মনোয়ার হোসেন বিদ্যালয়-সংলগ্ন একটি বাড়ি ভাড়া নিয়ে ছাত্রীদের কোচিং করাতেন। সপ্তম শ্রেণীর ওই ছাত্রী সেখানে কোচিং করতেন। একপর্যায়ে ওই শিক্ষক মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর মেয়েটির পরিবার মনোয়ারকে বিয়ের জন্য চাপ দিলে গতকাল সন্ধ্যায় তিনি পালিয়ে যান। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে মনোয়ার হোসেনকে সহায়তার অভিযোগে ওই দুই শিক্ষককে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।মামলার তদন্ত কর্মকর্তা এসআই গোলাম সারোয়ার বলেন, ‘ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চলছে।’কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন জানান, ঘটনা জানাজানি হওয়ার পর আটক দুই শিক্ষক মনোয়ারকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। তাই তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।