ছাত্রী নিপীড়নের দায়ে টেকনিশিয়ান চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী নিপীড়নের কারণে অভিযুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি টেকনিশিয়ান নজরুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো পদে চাকরির জন্য তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ছাত্রবিষয়ক পরিচালক মোল্লা মো. শফিকুল ইসলাম ও গণিত ডিসিপ্লিনের প্রধান মাহমুদ আলম বলেন, ‘এই সিদ্ধান্তের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দৃষ্টান্ত স্থাপন করল। এর ফলে ভবিষ্যতে কেউ এ ধরনের অন্যায় করতে সাহস পাবে না।’এর আগে গতকাল বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা নজরুলের চাকরিচ্যুতির দাবিতে ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন এবং অবস্থান নেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্রীরা গত মঙ্গলবার উপাচার্য, ছাত্রবিষয়ক পরিচালক, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান, গণিত ডিসিপ্লিনের প্রধান ও শিক্ষক সমিতির সভাপতি বরাবর পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ল্যাবরেটরি (ল্যাব) টেকনিশিয়ান নজরুল ইসলামের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মো. হারুনর রশিদ খান লিখিতভাবে টেকনিশিয়ান নজরুলকে ল্যাব থেকে বহিষ্কার করেন এবং এ ব্যাপারে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। পরে ছাত্রবিষয়ক পরিচালক, শিক্ষক সমিতির নেতা ও গণিত ডিসিপ্লিনের শিক্ষকেরা অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তি দাবি করেন। বিষয়টি আমলে নিয়ে উপাচার্য গতকাল টেকনিশিয়ান নজরুল ইসলামের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেন।ল্যাবে নিয়মিত কাজ করতে আসা ছাত্রীদের সঙ্গে কথা বলে এবং তাঁদের লিখিত অভিযোগ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে নজরুল ইসলাম পদার্থবিজ্ঞানের ব্যবহারিক ক্লাসে ছাত্রীদের প্রতি কটূক্তি, অশ্লীল কথাবার্তা ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ ব্যাপারে কেউ মুখ না খুললে নজরুল পার পেয়ে যান। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্যবহারিক ক্লাস চলাকালে নজরুল গণিত ডিসিপ্লিনের এক ছাত্রীকে শারীরিকভাবে নিপীড়ন করেন, যা একই ডিসিপ্লিনের অন্য ছাত্রদের নজরে আসে। ছাত্ররা ক্ষিপ্ত হয়ে উঠলে নজরুল ল্যাব থেকে বের হয়ে যান।