এক ছাত্রীকে মারধর করার দায়ে কাওসার আলম সরকার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগের কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের জানান, মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কাওসারের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। কাওসার ভবিষ্যতে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না।ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাপসী রাবেয়া হলের সামনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে রিকশা থেকে নামিয়ে কাওসার মারধর করেন। এ ঘটনায় গতকাল শনিবার ওই ছাত্রী বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন। ওই দিনই বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে পুলিশ কাওসারকে গ্রেপ্তার করে। এরই পরিপ্রেক্ষিতে আজ উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।দুটি ককটেল উদ্ধার: আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় মতিহার থানা পুলিশ দুটি ককটেল উদ্ধার করে। মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, আজ সকাল ১০টার দিকে স্থানীয় এক ব্যক্তি হাবিবুর রহমান হলের পেছনে ঘাস কাটার সময় ককটেল দুটি দেখতে পেয়ে হল প্রশাসনকে খবর দেন। হল প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ককটেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি জানান, ককটেলগুলো লাল স্কচ টেপে মোড়ানো ছিল।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুসতাক আহমেদ জানান, ককটেল দুটি সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।