ছাত্রীকে উত্ত্যক্ত করায় জরিমানা দিলেন কলেজছাত্র
কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার একই কলেজের ছাত্র মামুন হোসেনের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার এই জরিমানা করেছেন।থানা সূত্র জানায়, মামুন হোসেন (২৪) উপজেলার তালোড়া ছোট সাবলা গ্রামের কলেজের এক ছাত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। এতে ওই ছাত্রীর কলেজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। মেয়ের বাবা ১ সেপ্টেম্বর দুপচাঁচিয়া থানায় এ ব্যাপারে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন। গত রোববার রাতে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন। মামুন হোসেন সাবলা গ্রামের মকবুল হোসেনের ছেলে।সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার ওই যুবকের জরিমানা আদায়ের কথা স্বীকার করেছেন।