ছাত্রীকে উত্ত্যক্ত করায় বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করা এবং অশালীন আচরণের অভিযোগে ওই বিভাগের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষক মো. আসাদুজ্জামান ওই বিভাগের প্রভাষক। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্রে জানা যায়, ওই ছাত্রী ১৬ জানুয়ারি উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন বরাবর শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে তাঁকে উত্ত্যক্ত ও অশালীন আচরণের লিখিত অভিযোগ জানান। এর পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের এ-সংক্রান্ত পাঁচ সদস্যের কমিটিতে পাঠানো হয়েছে।মো. আসাদুজ্জামানকে এ ব্যাপারে বারবার মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মাহবুবুল আরফিন প্রথম আলো অনলাইনকে বলেন, ‘অভিযোগ-সংক্রান্ত নথি পেয়েছি, এখন তদন্ত কমিটির প্রতিবেদন আসার পরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’