ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার সুপার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ছাত্রীকে উত্ত্যক্ত করা (ইভ টিজিং) ও ধর্ষণের চেষ্টার অভিযোগে আজ সোমবার এক মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।মামলার এজাহার, ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের একটি মাদ্রাসার ওই সুপার দীর্ঘদিন ধরে একই মাদ্রাসার তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে অফিস কক্ষে ডেকে নিয়ে প্রায়ই উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে মেয়েটি মাদ্রাসায় যাওয়াই বন্ধ করে দেয়। ঢাকায় কর্মরত মেয়েটির বাবা সম্প্রতি ছুটিতে এসে মেয়েকে মাদ্রাসায় পাঠান। ১৫ দিন পর মেয়েটি গত শনিবার মাদ্রাসায় গেলে মাদ্রাসার সুপার আবারও তাকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিত্কার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।এ ঘটনায় আজ মাদ্রাসা প্রাঙ্গণে এক সালিস বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু এতে হাজির হননি মাদ্রাসার সুপার। পরে মাদ্রাসার সভাপতি ও সালিসে মধ্যস্থতাকারীরা মাদ্রাসার সুপারকে বাড়ি থেকে ধরে এনে পুলিশে সোপর্দ করেন।উত্ত্যক্ত করা ও ধর্ষণের চেষ্টার অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপার সাংবাদিকদের বলেন, ‘মাদ্রাসার সব ছাত্রী আমার সন্তানের মতো। তাদের আদর-স্নেহ করতেই পারি। এতে দোষের কি?’ ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।