ছাত্রীকে যৌন নির্যাতন, সেই শিক্ষকের জামিন
পুরান ঢাকার সেন্ট্রাল গার্লস হাইস্কুলের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক বাসুদের কুমার রায়কে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন মোল্লা আসামিকে হাজির করে জেলহাজতে আটক রাখার আবেদন করেন।আসামিপক্ষের আইনজীবী তাপস চন্দ্র দাস জামিনের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, ২০১২ সালের ২৭ মে ঘটনা দেখানো হয়েছে। ঘটনার দীর্ঘদিন পর অভিযোগকারী ছাত্রী রিপন নামের এক সাংবাদিকের সহায়তায় এই মামলা করেছে। শুধু হয়রানি এবং অসৎ উদ্দেশ নিয়ে এ মামলায় শিক্ষককে জড়ানো হয়েছে। এ সময় আদালতের কক্ষে ওই প্রতিষ্ঠানের ১৫-১৬ ছাত্রী উপস্থিত ছিল। শুনানি শেষে মহানগর হাকিম সাবরিনা আলী জামিনের আবেদন মঞ্জুর করেন।মামলায় অভিযোগ করা হয়, ২০১১ সালে নবম শ্রেণীতে পড়া অবস্থায় ওই শিক্ষকের বাসায় কোচিং করত অভিযোগকারী। দশম শ্রেণীতে পড়া অবস্থায় ওই শিক্ষক খাতা দেখার কথা বলে ওই বছরের ২৭ মে সকালে মুঠো ফোনে তাকে বাসায় আসতে বলেন। ছাত্রীটি বাসায় ঢুকে দেখে, অন্য কেউ বাসায় নেই। শিক্ষক তাকে বেডরুমে গিয়ে বসতে বলেন। পরে শিক্ষক তার (ছাত্রীর) গায়ে হাত দেন। অভিযোগকারী তাতে বাধা দেয়। তখন শিক্ষক এই বলে হুমকি দেন যে, কাউকে বললে পরীক্ষার ফলাফল খারাপ করে দেবেন। এর ফলে ঘটনাটি তখন ওই ছাত্রী বাবা-মা ছাড়া কাউকে জানায়নি।মামলার এজাহার থেকে আরও জানা যায়, স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই ছাত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করে।গতকাল সোমবার বিকেলে সেন্ট্রাল গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগের ওই জ্যেষ্ঠ শিক্ষক বাসুদেবকে গ্রেপ্তার করে সূত্রাপুর থানা পুলিশ।