ছাত্রীকে যৌনকর্মী সাব্যস্ত, ইউএনওকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সরকারি কলেজের এক ছাত্রীকে কটূক্তি ও ১০০ টাকা জরিমানা করার ঘটনায় নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তলব করেছেন হাইকোর্ট। ২৩ জানুয়ারি ইউএনও কাউসার নাসরীনকে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যান (ইউ) আমিনুর রহমানকেও হাজির হতে বলা হয়।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এ ছাড়া ওই শিক্ষার্থী ও তাঁর বাবাকে ওই দিন আদালতে নিয়ে আসতে ইউএনওকে বলা হয়েছে।গতকাল সোমবার ‘নীলফামারীতে ভালোবাসা অপরাধ! ইউএনওর রায়ে স্নাতক ছাত্রী এখন পতিতা’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি আজ আদালতের নজরে আনেন আইন ও সালিশ কেন্দ্রের অবন্তী নুরুল। প্রতিবেদনটি পড়ে শোনান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। আদালত শুনানি নিয়ে ওই নির্দেশসহ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।ওই ইউএনওর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে নীলফামারীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওকে এর জবাব দিতে বলা হয়েছে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল পরে প্রথম আলো অনলাইনে বলেন, আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন। একই সঙ্গে ইউপি চেয়ারম্যানকেও ২৩ তারিখ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।