ছাত্রীদের জন্য বাজার...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুর জন্মদিন উপলক্ষে শাড়ি পরার পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিলেন রোকেয়া হলের আবাসিক ছাত্রী রেশমা হোসেন। সকালবেলা হল থেকে বেরিয়ে তাঁর মনে হলো, শাড়ির সঙ্গে স্যান্ডেলটা জুতসই হয়নি। তখনো নগরের কোনো বিপণিবিতান খোলেনি, আবার সকালের ক্লাসটাও করতে হবে। তাই হলের সামনের ফুটপাতের দোকান থেকে শাড়ির সঙ্গে মিলিয়ে এক জোড়া স্যান্ডেল কিনে ফেলেন রেশমা। তাঁর ভাষ্য, ‘শুধু স্যান্ডেলই নয়, কখনো জামার সঙ্গে মিলিয়ে হাতের চুড়িও কিনি।’রোকেয়া হলের পাশের শামসুন্নাহার হলের শিক্ষার্থী ফারহানা বলেন, ‘অনেক দিন এমন হয়েছে যে দ্রুত হল থেকে বেরিয়েছি, চুলটাও ভালো করে বাঁধার সময় পাইনি। তখন হলের সামনের ফুটপাতের দোকান থেকে চুলের কোনো ব্যান্ড কিনে চুল বেঁধে নিই। কখনো ছোটখাটো অলংকার কিংবা টিপও কিনে থাকি এখান থেকে।’হলের সামনে থেকে যে কেবল আবাসিক হলের শিক্ষার্থীরা কেনাকাটা করেন, তা কিন্তু নয়। বরং টিএসসির সড়কদ্বীপের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকার বাসের জন্য অপেক্ষমাণ অনেক শিক্ষার্থীও এখান থেকে কেনাকাটা করেন। এ প্রসঙ্গে মিরপুরের বাসিন্দা ইভার কথা, ‘এমনিতে কেনাকাটা করি মার্কেট থেকেই। তবে বাসের জন্য হলের সামনে অপেক্ষা করতে গিয়ে সময় থাকলে ফুটপাত থেকে টুকটাক শখের জিনিস কিনে থাকি। সেখানে আবার পণ্যের দামও কিছুটা কম।’ইডেন মহিলা কলেজ আর গার্হস্থ্য অর্থনীতি কলেজের সামনের ফুটপাতে রয়েছে মেয়েদের নানা সামগ্রীর বাজার। আধুনিক বিপণিবিতানের অনেক পণ্যও পাওয়া যায় এখানে। আর এই জায়গায় মূল ক্রেতা দুই কলেজের শিক্ষার্থীরা। গজ-কাপড় থেকে শুরু করে জামা অলংকৃত করার লেইস, স্যান্ডেল, ব্যাগ, চুড়ি আর গয়নাও পাওয়া যায়। এসব পণ্য শিক্ষার্থীরা কিনছেনও দেদার। এমনই একজন ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুমা। তিনি লাল রঙের জামার কাপড় কিনেছেন। তার সঙ্গে মিলিয়ে লেইস দেখছিলেন। রুমা বলেন, ‘এই কাপড় মার্কেটে গিয়ে কিনলে গজপ্রতি আরও ২০ টাকা বেশি গুনতে হতো। লেইসের ক্ষেত্রেও তাই। মার্কেটে আবার ভিড়ের মধ্যে কষ্ট করতে হয়। তাই কলেজের সামনে থেকেই বেশির ভাগ কেনাকাটা সারি।’কিছু না কিনলেও পায়ে পছন্দমতো স্যান্ডেল ঢুকিয়ে আবার বের করে দেখছিলেন একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কেয়া ইসলাম। তিনি বলেন, ‘না কিনলেও দেখেই ভালো লাগে। তাই উল্টেপাল্টে জিনিস দেখি। দামে বনলে আবার কিনেও নিই।’গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশুবর্ধন ও পরিচর্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনামিকা ইসলাম বলেন, ‘অনেক দোকানদার মামার কাছ থেকে কিছু কিনে পরদিন টাকা পরিশোধ করেছি। এই সুযোগ তো মার্কেটগুলোয় পাওয়া যায় না। আবার প্রতিটা পণ্যের দামও কম। নির্ঝঞ্ঝাট পরিবেশে কেনাকাটা করতে পারছি, এটাই বড় সুযোগ।’তবে ফুটপাতের পণ্যের মান নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন ইডেন কলেজের শিক্ষার্থী ফারহানা মালেক। তিনি বলেন, ‘পণ্যের মান খুব একটা ভালো নয়। তার পরও হাতের কাছে পাচ্ছি, তাই টুকটাক জিনিসগুলো এখান থেকেই কিনি।’এদিকে রোকেয়া হলের সামনে ফুটপাতের দোকানদার মোহাম্মদ শাহীন দাবি করেন, ‘মার্কেটে যে পণ্য বিক্রি করা হয়, সেই পণ্যই একটু কম দামে বিক্রি করার চেষ্টা করি। আর ছাত্রীরা এগুলো আগ্রহ ভরেই কিনে থাকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, লাভ কম করে পণ্য বেশি বিক্রি করা।’ইডেন কলেজের পাশের ফুটপাতে হকাররা পসরা নিয়ে বসে সকাল ১০টার দিকে। দুপুরে ক্লাস হলে বেচাবিক্রি বেশি হয় বলে জানান একাধিক দোকানি। দুপুরের পরে ইডেন আর গার্হস্থ্য অর্থনীতি কলেজের সামনের ফুটপাতে কেনাকাটা মন্থর হয়ে আসে। তবে আজিমপুর কবরস্থানের দেয়াল ঘেঁষে বাংলাদেশ-কুয়েত মৈত্রী আর বেগম ফজিলাতুন্নেসা হলের সামনের হকারদের বাজার সরগরম হয় বিকেল থেকে। কাঁচামাল, মুদি পণ্য, মাছ আর মাংসের সমাহার বেশি এখানে। তবে এই বাজার কোনো দিন থাকে, কোনো দিন আবার উধাও হয়ে যায়। কারণ নগর কর্তৃপক্ষ যেদিন উঠিয়ে দেয়, সেদিন এখানকার হকাররা পণ্য নিয়ে বসতে পারে না।